'কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের অবহেলিত চরাঞ্চলে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। এখানে শিল্পকারখানা হবে। কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিদেশে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত গণসমাবেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে গণপূর্তমন্ত্রী ও মিরসরাই থেকে নির্বাচিত সাংসদ মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান। এ সময় মোশাররফ হোসেন তাঁর উপজেলার চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
উপজেলার ইছাখালী ইউনিয়নের পীরের চর, সাধুর চর, শিল চর ও মোশারফ চর গ্রামের সাত হাজার একর জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে।
পীরের চরে আয়োজিত গণসমাবেশে গণপূর্তমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলের কারণে চরাঞ্চল হবে শিল্পাঞ্চল। এখানে গড়ে উঠবে আধুনিক শহর।
গণসমাবেশে যোগ দেওয়া স্থানীয় মগাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবুল কালাম বলল, ‘মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে লেখাপড়া শেষে চাকরির জন্য আমাকে বাইরে যেতে হবে না। নিজ এলাকায় চাকরির সুযোগ পাব।’ সমাবেশে আবুল কালামের মতো শত শত শিক্ষার্থী যোগ দেয়।
মাঝ বয়সী আবু আহম্মদ বলেন, তাঁর চাকরির বয়স নেই। তবে অর্থনৈতিক অঞ্চল হলে হাজার হাজার মানুষ এখানে আসবেন। তিনি তখন ব্যবসা করতে পারবেন।
গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন।