দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতিও এক ধরনের দুর্নীতি। কোনো সরকারি কর্মকর্তা ঠিকমতো সেবা না দিলে তাঁর বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে দুদক। সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতির প্রকোপ কমাতে চট্টগ্রামে কয়েকটি সরকারি কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হবে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় নাসিরউদ্দীন আহমেদ এসব কথা বলেন। দুদক ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি দমনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধের বিষয়টিকে সমান গুরুত্ব দিচ্ছে দুদক। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গণশুনানির আয়োজন করা হয়েছে। ভুক্তভোগীরা সেখানে উপস্থিত হয়ে সরাসরি তাঁদের অভিযোগ উত্থাপন করছেন।
দেশের বিভিন্ন এলাকায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নাসিরউদ্দীন আহমেদ আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালে কোনো চিকিৎসকের অনুপস্থিত থাকার বিষয়টি পীড়াদায়ক। এভাবে চলতে পারে না। সরকারি কোষাগার থেকে বেতন নেওয়ার পরও কর্মস্থলে অনুপস্থিত থেকে কাজ না করে তিনি দুর্নীতি করছেন। দুদক খুব শক্ত অবস্থান নেবে, তা তিনি চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক যেই হোক না কেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে।
চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নাছিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি নির্মূল করা কঠিন। তবে সমন্বিত চেষ্টা থাকলে ধীরে ধীরে এটি দূর করা সম্ভব। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান যদি নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, তাহলে দুর্নীতি দূর হয়ে যাবে। দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা তৈরির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সচেতনতা তৈরি করতে হবে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ছাড়াও গতকাল মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে নগরের আগ্রাবাদে অবস্থিত সরকারি কার্যভবন-২-এর সামনে মানববন্ধন হয়। এরপর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হোটেল আগ্রাবাদে এসে শেষ হয়।