'কলিজার টুকরাটারে থাবা দিয়া নিয়া গেল হায়েনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা

মাত্র পাঁচ মিনিট আগে মুঠোফোনে মেয়ের সঙ্গে কথা বলেছিলেন আবদুস সালেক। আর পাঁচ মিনিট পর শুনলেন, সড়ক দুর্ঘটনায় আহত তাঁর মেয়েকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছুটে যান তিনি। দেখলেন, তাঁর মেয়ে নিথর শুয়ে আছে মর্গে। আবদুস সালেক বিশ্বাস করতে পারছিলেন না, তাঁর আদরের মেয়ে তাঁকে ছেড়ে চলে গেছে না-ফেরার দেশে।
আবদুস সালেকের মেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী কানিজ ফাতেমা (১৮) গত শুক্রবার সন্ধ্যায় মতিঝিল শাপলা চত্বরে বিআরটিসি দোতলা বাসের ধাক্কায় নিহত হয়। আহত হন তার খালা রুবিনা বেগমসহ দুই রিকশাচালক। পরীক্ষা শেষে বিকেলে খালার সঙ্গে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আগামীকাল সোমবার কানিজের জন্মদিন। জন্মদিনের দুই দিন আগে এ মর্মান্তিক মৃত্যু পুরো পরিবারকে ভাসিয়ে দিয়েছে শোকের সাগরে।
গতকাল শনিবার বিকেলে যোগাযোগ করা হলে কাঁদতে কাঁদতে আবদুস সালেক প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমার কলিজার টুকরাটারে থাবা দিয়া নিয়া গেল হায়েনা।’ তিনি বলেন, শুক্রবার পরীক্ষা শেষ হওয়ার পর কানিজের সঙ্গে ফোনে কথা হয় তাঁর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই গত শুক্রবার রাতে পরিবারের কাছে কানিজের লাশ হস্তান্তর করে পুলিশ। রাতেই তাঁর লাশ গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টিতে নিয়ে যাওয়া হয়। গতকাল সকাল নয়টার দিকে জানাজার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার ঘটনার পরপর বিআরটিসির বাসসহ চালক সাহাবউদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় রাতে মতিঝিল থানায় করা মামলায় সাহাবউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।
পারিবারিক সূত্র জানায়, কানিজের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই বিলাপ করে যাওয়া মা রোকসানা বেগম মেয়েকে হারিয়ে পাগলপ্রায়।
আবদুস সালেক প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমার একটাই দাবি, যে আমার মেয়েকে এভাবে ছিনাইয়া নিয়া গেল, তার যেন কঠিন শাস্তি হয়, ফাঁসি হয়। আমার মতো কেউ যেন আদরের সন্তানকে এভাবে অকালে না হারায়।’