
‘ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাহিদুল ইসলাম রায়হানকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।’
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে নিহত রায়হানের বাবা শাকের উল্লাহ এই দাবি করেন।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করে খুরুশকুল ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অংশ নেয়। পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, নিহত রায়হানের বাবা শাকের উল্লাহ, ছাত্র ইউনিয়নের সভাপতি মো. শহিদুল্লাহ প্রমুখ।
১৭ অক্টোবর ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ হোস্টেল থেকে পুলিশ রায়হানের লাশ উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ আত্মহত্যা দাবি করলেও পরিবারের দাবি হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষকেরা নির্যাতন চালিয়ে ছেলেকে হত্যা করেন। এ ঘটনায় বাবা শাকের উল্লাহ বাদী হয়ে ১৭ অক্টোবর রাতে ভাটারা থানায় একটি হত্যা মামলা করেছেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকে রায়হানকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়।