‘কষ্টার্জিত গণতন্ত্র আ.লীগের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্র আওয়ামী লীগের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত আর পুলিশের বুটের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের মামলা ও নির্যাতন অতীতের সব স্বৈরাচারের জুলুম ও নির্যাতনের ইতিহাসকে হার মানিয়েছে। ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে রাজপথে মানুষ হত্যা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। আর এখন প্রকাশ্যে চাপাতি দিয়ে বিশ্বজিতের মতো নিরীহ তরুণকে হত্যা করে জনমনে ভীতি সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর জাসাস আয়োজিত এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। এর আগে সমাবেশে বক্তারা সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন। মহানগর জাসাসের সভাপতি কাজী আকবরের সভাপতিত্বে সমাবেশে সাবেক উপাচার্য মুহাম্মদ ইনাম উল হক, অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম ও নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমান বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন।