‘কষ্টের সংসার কষ্টেই শেষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু সচ্ছলতার আশায় প্রায় ১৫ বছর আগে একাই ঢাকায় পাড়ি জমিয়েছিলেন মোতাহার হোসেন। অগ্নিদগ্ধ মোতাহারকে (৪৫) ২৬ মার্চ ফিরিয়ে নেওয়া হয় গ্রামের বাড়ি বাগেরহাটে। গত বৃহস্পতিবার তিনি চলে গেলেন না-ফেরার দেশে। মাঝে গড়ে তোলা তাঁর কষ্টের সংসার আগুনে পুড়ে গেছে। পুড়ে মারা গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। সর্বশেষ তিনিও।রাজধানীর মিরপুরে ২১ মার্চ ঘরে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয় ওই পরিবারের চার সদস্য। পাঁচ সদস্যের পরিবারের চারজনের জীবনই নিভে গেল আগুনে। মোতাহারের বড় ছেলে মো. রাব্বী গোপালগঞ্জে নানার বাড়িতে থাকায় বেঁচে গেছে। তবে পুড়ছে স্বজন হারানোর বেদনায়।মোতাহারের আত্মীয় আইয়ুব মোল্লা বৃহস্পতিবার প্রথম আলোকে মোতাহারের মৃত্যুর সংবাদ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘ভাই, কষ্টের সংসার, কষ্টে কষ্টেই শেষ হইয়া গেল।’স্বজনেরা জানান, মিরপুরে ফুটপাতে কাপড় বিক্রি করতেন মোতাহার। তাঁর স্ত্রী জোছনা আক্তার ছিলেন মিরপুরের একটি বিদ্যালয়ের আয়া। ১০ বছরের মেয়ে বৃষ্টি আক্তার ও দেড় বছরের ছেলে মারুফ হোসেনকে নিয়ে মিরপুর ১৩ নম্বর সেকশনের সি-ব্লকের একটি টিনের চালার বাড়িতে একটি ঘরে ভাড়া থাকত এই দম্পতি। বড় ছেলে রাব্বীকে পড়াশোনার জন্য এক বছর আগে পাঠানো হয়েছিল গোপালগঞ্জের কাশিয়ানীতে। পারিবারিক সূত্র জানায়, মিরপুরে যে বাড়িতে মোতাহার ভাড়া থাকতেন, সেখানে ঘর ছিল ছয়টি। ২১ মার্চ রাতে হঠাৎ বিস্ফোরণের পর তাঁর ঘরে আগুন ধরে যায়। দগ্ধ হয় ঘরে থাকা চারজনই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারুফ মারা যায়। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যায় বৃষ্টি। পরদিন মারা যান জোছনা। ওই দিনই চিকিৎসাধীন মোতাহারকে বাগেরহাটের মোরেলগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর আগ পর্যন্ত ছেলে, মেয়ে ও স্ত্রীর মৃত্যুর খবর জানতেন না মোতাহার। তেমনি স্ত্রী জানতেন না দুই সন্তানের মৃত্যুর খবর। দুই সন্তানকে দেখার আকুতি নিয়েই মৃত্যু হয় জোছনার। কিছু ঘটে যাওয়ার আশঙ্কায় আত্মীয়রা জোছনাকে সন্তানদের মৃত্যুর খবর দেননি।আইয়ুব মোল্লা বলেন, ‘ভাই, এ কী হইল বুঝতে পারতেছি না। মৃত্যুর পরও চারজন তিন জায়গায়। দুই ভাইবোন আছে মিরপুরের গোরস্থানে। গোপালগঞ্জে দাফন করা হয় জোছনাকে। আর মোতাহারকে মোরেলগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয়।’