‘কহন ছাদ ভাঙ্গে মাথায় পড়ে’
‘ছেলে-বেলেগের স্কুলি পাঠায়ে দিয়ে বাড়িতে শান্তিতি থাকতি পারিনে। কহন ছাদ ভাঙ্গে মাথায় পড়ে। পরনডা সব সময় স্কুলি থাহে। তাগের বারবার দেখতি আসা লাগা।’এভাবেই বিদ্যালয়ের দুরবস্থার বর্ণনা দিচ্ছিলেন যশোরের কেশবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের গৃহবধূ রত্না রায়। উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কৃষ্ণনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৪ সালে নতুন ভবন হয়। পরপর কয়েক বছরের বন্যায় ২০০২ সালে ভবনটি ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় ব্যবহার-অনুপযোগী হয়ে পড়ে। এর পর থেকে ১০ বছর ধরে শিক্ষার্থী ও শিক্ষকেরা ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের থামগুলো থেকে প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে। ছাদের প্লাস্টার খসে পড়ে ভেতরের খোয়া দেখা যাচ্ছে। দরজা-জানালাও নেই। ১০৫ জন শিক্ষার্থীর জন্য মাত্র চার জোড়া বেঞ্চ। বাকিগুলো ভাঙা। ভাঙা তক্তার ওপরে বসেই শিক্ষার্থীরা পাঠ নেয়। ভবনের মেঝেটি ছয় ইঞ্চি দেবে গেছে। একমাত্র পায়খানাটিও সামনের দরজা নেই। সেটিও ব্যবহার করা যায় না। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উৎসব সরকার বলে, ‘ক্লাস করি মাথার ওপরের দিকে চেয়ে থেকে। সব সময় খেয়াল করতে হয় কখন প্লাস্টার খসে মাথায় পড়ে। স্যারেরা যা বলেন সেদিকে খেয়াল করার থেকে প্লাস্টারের দিকে বেশি নজর দিতে হয়।’ শিক্ষক বনানী গাইন বলেন, ‘বিদ্যালয়ে এসেই আগে প্লাস্টার ভেঙে নিই। এদিকেই আমাদের প্রথমে নজর দিতে হয়।’ পঞ্চম শ্রেণীর ছাত্রী সাজেদা বলে, ‘একদিন ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে আমি আহত হই। তার পর থেকে আর বিমের ধারে বসি না।’অভিভাবক তিথি রানী মণ্ডল বলেন, বাচ্চাকে বিদ্যালয়ে পাঠিয়ে বারবার তাদের দেখতে যেতে হয়। সব থেকে ভয় লাগে ঝড়বৃষ্টি এলে। ৭৮ বছরের বিনোদ রায় বলেন, ‘আমিও এ স্কুলে পড়েছি। সে সময় খড়ের ঘর ছিল, তখন শান্তি ছিল। এখন আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি।’ এলাকাবাসী জানায়, কেশবপুর থেকে এ বিদ্যালয়ের দূরত্ব ২৫ কিলোমিটার। চার কিলোমিটারের মধ্যে এখানে কোনো বিদ্যালয় নেই। পাঁজিয়া থেকে চার কিলোমিটার আর কলাগাছি বাজার থেকে এ বিদ্যালয়ের দূরত্ব ছয় কিলোমিটার। এখানে আসতে মেঠোপথ ছাড়া উপায় নেই। যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। বর্ষায় পুরো গ্রাম ডুবে যায়। তখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানকার চেয়ারম্যান বাড়ির ছাদে ক্লাস করে। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বর্ষার পরের তিন-চার মাস বিদ্যালয়টি পানিতে তলিয়ে থাকে।উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠিয়েও কাজ হয়নি। উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল্লা আল মামুন জানান, বিদ্যালয়টি উন্নয়নের জন্য গত বছরের অক্টোবরে প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, কয়েক বছর ধরে নতুন ভবন নির্মাণের জন্য লিখে কোনো ফল হচ্ছে না। জরুরি ভিত্তিতে ভবন নির্মাণ প্রয়োজন বলে তিনি মনে করেন।