‘কাঁইয়ো মোক বয়স্ক ভাতা দেয় নাই’
‘সরকার গরিব মাইনষের জন্যে কত কী দেয়, মুই একটা বয়স্ক-ভাতার জন্যে চেয়ারম্যান, মেম্বরক (ইউপি সদস্য) কত অনুরোধ করছং, কিন্তু কাঁইয়ো (কেউ) মোক বয়স্ক-ভাতা দেয় নাই। আর কত বয়স হলে মুই বয়স্ক-ভাতা পাইম (পাব)।’ আক্ষেপ করে কথাগুলো বলেছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের ধরণীবাড়ী গ্রামের ৯৫ বছর বয়সী ছমিরউদ্দিন।গত শনিবার ছমিরউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, গোয়ালঘরের এক পাশে শুয়ে আছেন তিনি। ছমির জানান, তাঁর পাঁচ মেয়ে ও তিন ছেলে। চিকিৎসার অভাবে অনেক আগেই স্ত্রী মারা গেছেন। মেয়েদের বিয়ে হয়েছে। বড় ছেলে আবদুল হাকিম বিয়ে করেছেন। হাকিম, তাঁর স্ত্রী, দুই সন্তান, দুই ভাই ও বাবাকে নিয়ে সাতজনের এক সংসার। দিনমজুর হাকিমের রোজগারে এই সংসারে এক বেলাও পেট পুরে খাবার জোটে না তাঁর। আর অন্য দুই ছেলে মাঝেমধ্যে দিনমজুরের কাজ পান। তাই ছেলের সংসারের বোঝা লাঘবে ভাতার একটি কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে অনেক ঘুরেছেন; কিন্তু ভাগ্যে তা জোটেনি। বয়সের ভারে ন্যুব্জ ছমিরের এখন ভাতার জন্য ছোটাছুিট করারও শক্তি নেই।আবদুল হাকিম বলেন, ‘সাতজনের সংসারে প্রায়ই সবার দুই বেলা খাবারের জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয় না। আমরা সবাই যা খাই, বাবাকেও তা দিই।’ ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সুজা মিয়া জানান, ছমিরউদ্দিনের বয়স্ক-ভাতা পাওয়া জরুরি। পরবর্তী বয়স্ক-ভাতার তালিকায় তাঁর নাম অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ইউনিয়নে বয়স্ক লোকের সংখ্যা বেশি। আমরা ছয় মাস অন্তর অন্তর গড়ে চারটি বয়স্ক-ভাতার কার্ড পাই। পরবর্তী সময়ে কার্ড বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে ছমিরউদ্দিনকে তা দেওয়া হবে।’