বৈশাখ মাসের শুরু থেকেই হাওরাঞ্চলে বোরো ধান কাটার তোড়জোড় শুরু হয়। যেন উৎসবের আমেজ বিরাজ করে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওরের ধান তলিয়ে গেছে। কৃষকের কণ্ঠে এখন হাহাকার, বুকে চাপা কষ্ট। সামনে সংসার কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাইল হাওর পারের ছিকরাইল এলাকায় গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। ছিকরাইল গ্রামের সেলিম মিয়া (৪৬) ছোট একটি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছেন। সেলিম মিয়া বলেন, ‘তিন কেয়ার (বিঘা) খেত করছিলাম। দুইবার পানি আইছে। আরও মাইনষের প্রচুর খেত ডুবাইছে। চৈত মাসে আমরার এলাকায় এবার পয়লা ধান ডুবাইল। তোরা তোরা (সামান্য) ধান পাকছিল। কাঁচা কাটিয়া লাভ নাই। তাই আর কাটার চেষ্টা নাই। হাওরে অখন খালি পানি আর পানি।’
একটি স্থানে আধা পাকা কিছু ধান কেটে জমির আইলে আঁটিগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কিছুক্ষণ পর দেখা মিলল ধানের মালিক নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছমছু মিয়ার (৬০) সঙ্গে। অনেক বছর ধরে তিনি হাইল হাওরে বোরো ধানের চাষ করছেন। এবারও ৯ কেয়ার জমি বর্গা চাষ করেছিলেন। এর মধ্যে ৫ কেয়ার সম্পূর্ণ তলিয়ে গেছে। কিছু জমির আধা পাকা ধান এখনো পানির ওপর কিছুটা মাথা তুলে আছে। সেই ধানই কেটে তোলার চেষ্টা করছেন তিনি। ছমছু মিয়া বলেন, ‘২০ হাজার টাকা লোন (ঋণ) নিয়া খেত করছিলাম। কিন্তু থোরের সময়ই পানিয়ে ডুবাইলাইছে। ডুবাইল খেতো আর ধান পাওয়ার সুযোগ নাই। যা ভাসাইল আছে। তার থাকি আধা পাকা ধান কাটার চেষ্টা কররাম। ফ্যামেলিত ছয়-সাতজন মানুষ। বাচাইতাম কেমনে। গতবারও হিলে মারছিল (শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছিল)। ধান চাউলরও দাম বাড়াইল। কিনিয়া খাইমু কেমনে, বুঝতাম পাররাম না।’
ছিকরাইল গ্রামের রিপন মিয়া (৩০) বলেন, ‘আমার ১০ কিয়ার জমির ধান পানির তলে। এ টাইমে (চৈত্র মাসে) কোনো দিন খেত তল (ডুবতে) অইতে দেখছি না। এবার অঢাল (অঢেল) পানি অইছে।’ তিনি জানান, তাঁদের এলাকার চন্দ্র কুমার বিল, হওলা বিল, নেওলা বিল, বালিঢোপা বিল, খাইঞ্জার বিল, ডোপাবাউড়ি বিল, ভইষারকুল বিলের ধান পানিতে তলিয়ে গেছে।
নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি এলাকায় গ্রামীণ পাকা সড়কের পাশে একটি খোলা স্থানে পলিথিনের চাটাই পেতে তাতে আধা পাকা ধান ঝাড়ছিলেন চারজন নারী-পুরুষ। তাঁদেরই একজন মাহবুব মিয়া (৫০) বলেন, ‘হাইল হাওর থাকি এ ধান আনছি। পুরাই ডুবাইলাইছে। বুকসমান পানি থাকি ধান কাটছি। ৭ কেয়ার জায়গার মইদ্যে ওটুকুই (ওইটুকু) আনছি। সব পানির নিচে।’
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ এনামুল হক বলেন, ‘হাইল হাওরের উত্তর পারে পড়েছে আমার ইউনিয়ন। হাওরে বোরো বলতে কিচ্ছু নাই। এখন নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠছে। অনেকের ঘরে খাবার নাই।’
হাইল হাওর মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বিস্তৃত। দুই উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ হাওরের দুই হাজার হেক্টরের বেশি জমির ধান তলিয়ে গেছে।