'কাঁচি' নিয়ে লটারি
একটি কাঁচি। দাবিদার চার নারী। কেউ কারও সঙ্গে আপস করতে রাজি নন। এ নিয়ে সমঝোতার দায়িত্ব তাঁদের কাঁধেই দেওয়া হয়। কিন্তু সমঝোতায় পৌঁছাতে না পারায় অগত্যা চারজনের মধ্যে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়। লটারিতে যার নাম উঠে তাঁর নাম লক্ষ্মীরানী। তিনি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডটি ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্রে কাঁচি প্রতীকের কথা উল্লেখ করেন।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে জানান, সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মোছা. বেদেনা বেগম, লক্ষ্মীরানী, বন্দনা রানী বাগচি ও মোছা. বিলকিছ বেগম কাঁচি প্রতীক চান। একটি প্রতীক চারজনকে দেওয়া সম্ভব নয়। তাই এই চার প্রার্থীকে নিজেদের মধ্যে সমঝোতা সুযোগ দেওয়া হয়। তাঁরা ফিরে এসে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও গোলাম মো. শাহনেওয়াজকে জানান, চারজনই কাঁচি প্রতীক চান। একটি কাঁচি নিয়ে বেকায়দায় পড়েন তাঁরা। অবশেষে কাঁচি প্রতীক প্রত্যাশীরা লটারি করার সিদ্ধান্ত দেন।
নারী কাউন্সিলর পদপ্রার্থী মোছা. বেদেনা বেগম বলেন, ‘আমি কাঁচি প্রতীক নিয়ে অন্য প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলাম। অন্য প্রার্থীরা সমঝোতা করতে রাজি ছিলেন না। এ কারণে লটারি পর্যন্ত গড়িয়েছে।’
লটারিতে কাঁচি প্রতীক পাওয়া লক্ষ্মীরানী বলেন, আমি কাঁচি প্রতীক ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু অন্য প্রার্থীরা ছেড়ে দিতে চাননি। অবশেষে লটারিতে কাঁচি প্রতীক পেয়েছি। ভোটের আগেই আমার বিজয় হয়েছে। লটারিতে কাঁচি প্রতীক পেয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে।’
রিটার্নিং কর্মকর্তা ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন,‘ প্রার্থীরা নিজেরা সমঝোতা করতে না পারায় তাঁদের সিদ্ধান্তেই লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’