‘কাঁদো, কাঁদো মাটির ময়না কাঁদো...’
‘কাঁদো, কাঁদো মাটির ময়না কাঁদো...।’ নগরের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ শোক নিবেদন কালো ব্যানারে সাদা অক্ষর হয়ে ঝুলছে ইনস্টিটিউট ভবনে। স্বজন হারানোর বেদনায় কাঁদছে চারুকলা ইনস্টিটিউট। কাঁদছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ নিহত পাঁচজনের মৃত্যুতে শোকাচ্ছন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইনস্টিটিউট পরিবার।এখন এই কান্নার সঙ্গে যোগ হয়েছে উদ্বেগ। কারণ গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন। তাঁর স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী দিলারা বেগম জলিও এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।শিল্পী ঢালী আল মামুনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শিক্ষকেরা আশাবাদী, ‘আবার ফিরে আসবেন কর্মপাগল মামুন।’ আর তাঁর শিক্ষার্থীদের প্রত্যাশা, ‘স্বপ্নের ফেরিওয়ালা প্রিয় মামুন স্যার সুস্থ হয়ে উঠবেন খুব দ্রুত।’চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ফয়েজুল আজিম বলেন, ‘মামুন আমার ছাত্র, সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু। ও সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকত। তাঁকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে।’ ‘মিশুক স্যার ও তারেক মাসুদ আর আমাদের মাঝে ফিরে আসবেন না। দুই প্রতিভাধর মানুষকে হারানোর ক্ষতিও পূরণ হওয়ার নয়। কিন্তু মামুন ভাইয়ের বেঁচে থাকা প্রয়োজন। মামুনদের মতো ত্যাগী মানুষের বড় অভাব এ দেশে।’অতীত জীবনের স্মৃতিচারণা করতে করতে এ কথা বললেন ঢালী আল মামুনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহিদ উল্ল্যাহ। একই মন্তব্য করেন এ বিভাগের শিক্ষক আলী আজগর চৌধুরীও।ঢালী আল মামুন চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর কোর্সের ক্লাস নিতেন। স্নাতকোত্তর কোর্সের ছাত্র রাজীব দত্ত ও সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মঞ্জুরুল আলম বলেন, ‘স্যারের সরব উপস্থিতি প্রায় সব ক্ষেত্রেই। সব সময় নতুন এবং ভিন্নধর্মী কিছু করার অনুপ্রেরণা দিতেন স্যার। আমাদের জন্য, চারুকলার জন্য স্যারকে খুব দরকার। স্যার আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমাদের একমাত্র কামনা।’