'কাউকে চিনলেও এখন চিনি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে নিজের অবস্থান সম্পর্কে সিটি মেয়র আ জ ম নাছির বলেছেন, ‘আমি কাউকে চিনলেও এখন চিনি না। আর কেউ চিনুক, সেটিও চাই না।’ মেয়র বলেন, গত সপ্তাহে তিনি ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম পুলিশ কমিশনার ও চট্টগ্রাম র্যাবের প্রধানের সঙ্গে সভা করেছেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে করপোরেশনের বিভিন্ন বিভাগের কার্যক্রম নিয়ে কথা বলেন মেয়র। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা তিনি।
উল্লেখ্য, নগরের সিআরবি এলাকায় জোড়া খুনের ঘটনায় বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম ওরফে লিমনকে গত মঙ্গলবার লালখান বাজার থেকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে র্যাব। লিমন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে মেয়র তাঁর দায়িত্ব গ্রহণের ১০০ দিনে গৃহীত উন্নয়ন ও সেবা কার্যক্রম নিয়ে কথা বলেন। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আ জ ম নাছির উদ্দীন। গত ২৬ জুলাই তিনি দায়িত্ব নেন। তাঁর দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হয় গত ২ নভেম্বর।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, চট্টগ্রাম নগর আগের তুলনায় পরিচ্ছন্ন হয়ে উঠেছে। দায়িত্ব গ্রহণের পর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে দিনের পরিবর্তে রাতে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। ময়লা-আবর্জনা যখন-তখন ও যেখানে-সেখানে না ফেলে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
মেয়র বলেন, আগামী ১ জানুয়ারি থেকে যাঁরা নির্ধারিত সময়ের বাইরে ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেল-জরিমানা ও মামলা করা হবে। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এই সমস্যা দূর করা হবে। ৮ ডিসেম্বর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক হবে বলে জানান তিনি। এর আগে গত ১২ আগস্ট ২৮টি সংস্থার সঙ্গে এ ধরনের বৈঠক হয়।
নগরের যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, নগরের অনেক রাস্তাঘাট ও মোড় রয়েছে, যেখানে যানজট হওয়ার কথা নয়; কিন্তু যানজট হচ্ছে। যানজট নিরসনের জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে।
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মেয়র বলেন, নগরের সব বড় নালা ও খালের মাটি উত্তোলন ও পরিষ্কার করার জন্য জরিপকাজ চলছে। খাল ও নালা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদার ১০-১৫ দিন সময় দেওয়া হবে। এরপরও সরিয়ে না নিলে তা অপসারণ করে দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে মেয়র বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম গতিশীল হয়েছে। স্বাস্থ্য বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। রাজস্ব বিভাগে কর আদায়ের হারও বেড়েছে।