'কাউকে যেন হাফিজুরের মতো মরতে না হয়'

অকালমৃত্যুর শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর মোল্লার বাবা ইসাহাক মোল্লা বলেছেন, ছাত্ররা কঠোর পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয় পড়াশোনা করার জন্য, নোংরা রাজনীতির শিকার হতে নয়। আর কোনো ছাত্রকে যেন হাফিজুরের মতো করুণ ভাগ্য বরণ করতে না হয়। হাফিজুরের মতো মরতে না হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ইসাহাক মোল্লা এ কথা বলেন। ‘সদরপুরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাফিজুর মোল্লা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে’ সর্বস্তরের সদরপুরবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কান্না জড়িত কণ্ঠে ইসাহাক মোল্লা বলেন, ‘আমার হাফিজুর আর ফিইরা আসবে না। কিন্তু আমার দাবি একটাই, তা হলো আর কোনো হাফিজুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে লাশ হয়ে যেন ফিরে যেতে না হয়।’ তিনি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অপরাজনীতি বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছেলেরা পড়তে আসে, প্রাণ দিতে আসে না।’

এই কর্মসূচিতে ঢাকা, ফরিদপুর ও সদরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হাফিজুর হত্যার বিচার চাই’; ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো মূল্যই নেই হাফিজুরের’; ‘অপরাজনীতির ছোবল থেকে ছাত্রদের বাঁচাও’; ‘ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত কর’ প্রভৃতি।
কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদরপুর সরকারি কলেজের প্রভাষক ওদুদ খান, একই কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, শিক্ষার্থী রিপন হাওলাদার, সোহেল মোল্লা, হাওলাদার শামীম আহমেদ, মামুনুর রশিদ, সরকারি কর্মকর্তা ইমারত হোসেন, মুক্তিযোদ্ধা হাজী মো. ওহাব, সাংবাদিক সাব্বির হাসান প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন হাফিজুর। ছাত্রলীগের বড় ভাইদের ধরে তিনি উঠেছিলেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে। থাকতেন দোতলার দক্ষিণ পাশের বারান্দায়। পরিবার সূত্রে জানা যায়, তীব্র শীতের মধ্যে ছাত্রলীগের তালিম নিতে গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইরে থাকতে হয় তাঁকে। তাঁকে প্রায়ই অন্য কর্মীদের সঙ্গে হলের মাঠে ‘গেস্টরুম’ করতে হতো। এতে তিনি নিউমোনিয়া এবং টাইফয়েডে আক্রান্ত হন। ২৭ জানুয়ারি তিনি বাড়িতে চলে যান। ২ ফেব্রুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।