'কাগজের নৌকা'র অন্যরকম প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত হলো আশীফ এন্তাজ রবির প্রথম উপন্যাস ‘কাগজের নৌকা’। আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ একটি বই কিনে উপন্যাসের মোড়ক উন্মোচন করেন কার্টুনিস্ট আহসান হাবিব।
অনুষ্ঠানে ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘রবির সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি আছে। ফেসবুকে রবি অসাধারণ লেখে। বাস্তবেও যে ওর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এত লোক আসবে, সেটি দেখে আমি অভিভূত। পৃথিবীতে অন্য কোনো বইয়ের প্রকাশনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এত উত্সব হয়েছে কি না, আমার জানা নেই। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, ‘রবির মধ্যে যে গুণটা আছে সেটা হলো অসম্ভব রসবোধ। এমন একটি প্রকাশনা অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত।’
চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘প্রতিদিন সকালে উঠে আমি ফেসবুকে একজন মানুষের লেখা পড়ি এবং সেটা রবির। তার এই “কাগজের নৌকা” উপন্যাসটিও মানুষ পড়বে, সেটা আমি জানি।’
বই প্রসঙ্গে লেখক আশীফ এন্তাজ রবি বলেন, ‘আধুনিক যুগের মধ্যবিত্তের জীবনসংসারের উপন্যাস “কাগজের নৌকা”। সংসারে থাকা না-থাকার উপন্যাস “কাগজের নৌকা”। মানুষ এভাবে ভালোবেসে আমার এই বইটি গ্রহণ করায় আমি আনন্দিত।’
বইটির প্রকাশক সুফী ফারুক বলেন, ‘লেখক-শিল্পীদের সবচেয়ে ভালো থাকা উচিত। আমি চাই রবির এই উপন্যাস সবাই কিনবে এবং বাংলা সাহিত্যের নতুন এক অধ্যায়ের সূচনা হবে।’
প্রকাশনা অনুষ্ঠানে রবির বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা বক্তব্য দেন। আজ প্রথম দিনেই বইটির ২৫০ কপি বিক্রি হয়।
প্রকাশনা অনুষ্ঠানে যৌথভাবে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক, সূর্যরাজ্য, রকমারি, আদর্শ ও দেশাল।