‘কাগুজে শিক্ষক’-এর এমপিওভুক্তি!
বিদ্যুতের সংযোগ নেই, কম্পিউটার নেই, নেই কম্পিউটার বিষয়ে পড়ানোর অনুমোদনও। তার পরও কাগজে-কলমে নিয়োগ দেওয়া হয়েছে একজন শিক্ষক। এই নিয়োগ দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একাধিক তদন্তে সেই অভিযোগের প্রমাণও মিলেছে। বছর পাঁচেক আগে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম জান্নাতুন নূরী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।পাঁচ বছর পর অভিযুক্ত ওই শিক্ষকই সম্প্রতি মাদ্রাসায় এসেছেন হাতে মিষ্টি ও এমপিওভুক্তির কাগজ নিয়ে। শিক্ষক হিসেবে তাঁকে দেখে হতবাক মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, জাহানারা বেগম আগে কোনো দিন মাদ্রাসায় আসেননি। হাজিরা খাতায় তাঁর কোনো স্বাক্ষরও নেই।জানা গেছে, ওই মাদ্রাসায় জালিয়াতির মাধ্যমে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাধিক তদন্তে প্রমাণিত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেন তদন্ত কমিটির সদস্যরা। কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক, উল্টো পাঁচ বছর পর ওই ‘কাগুজে শিক্ষক’কে এমপিওভুক্ত করে হতবাক করে দিয়েছে।তদন্ত প্রতিবেদন ও ওই মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় গণিত, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা ও কম্পিউটার বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগের জন্য ২০০৫ সালের মার্চে তৎ কালীন মাদ্রাসা কমিটির সভাপতি ও কালাইয়ের ইউএনও প্রণবকুমার রায়কে (বর্তমানে সাতক্ষীরার এডিসি) প্রধান করে নিয়োগ কমিটি গঠন করা হয়।ওই বছরের ১৮ মার্চ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ভালো ফল করায় শুধু গণিত বিষয়ে হাবিবুর রহমান নামের একজনকে নিয়োগ দানের এবং অন্য বিষয়ে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়। কিন্তু ২০ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া বন্ধ ঘোষণা করে। ফলে গণিত ছাড়া অবশিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।তদন্ত প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, মাদ্রাসা সুপার আনোয়ার হোসেন ও কমিটির সদস্য রেজাউল করিম ইউএনওসহ নিয়োগ কমিটির অন্যদের স্বাক্ষর জাল করে ১৮ মার্চের নিয়োগ বোর্ডে আরও দুজন শিক্ষককে কাগজে-কলমে নিয়োগ দেখিয়ে তাঁদের এমপিওভুক্তির জন্য একই বছরের ১০ নভেম্বর শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র দাখিল করেন। এর মধ্যে কম্পিউটার বিষয়ে নিয়োগ দেখানো হয় মাদ্রাসা কমিটির সদস্য রেজাউল করিমের ছোট বোন জাহানারা বেগম ও কৃষিশিক্ষা বিষয়ে নিয়োগ দেখানো হয় সিরাজুল ইসলামকে।বিষয়টি জেলা শিক্ষা কার্যালয় জানতে পেরে তদন্তে নামে। তদন্তে জালিয়াতির বিষয়টি ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জালিয়াতির ঘটনায় মাদ্রাসার সুপারকে দায়ী করে কারণ দর্শাতে বলেন, কিন্তু তিনি কোনো জবাব দেননি। দীর্ঘ পাঁচ বছর বিষয়টি ধামাচাপা থাকলেও ৩ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের হালনাগাদ এমপিওতে পাঁচগ্রাম জান্নাতুন নূরী দাখিল মাদ্রাসার জনবলকাঠামোতে কম্পিউটার শিক্ষক হিসেবে জাহানারা বেগমের নাম উল্লেখ করা হয়।মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী রিক্তা বানু বলে, ‘ষষ্ঠ শ্রেণী থেকে এ মাদ্রাসায় পড়ালেখা করছি। জাহানারা বেগম নামে কোনো ম্যাডামকে এর আগে কখনো দেখিনি বা তাঁর নামও শুনিনি। কম্পিউটার বিষয়ে এখানে পড়ানোও হয় না।’মাদ্রাসার সহ-সুপার গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী কেউ জানলাম না, এ মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক আছেন। অথচ জাহানারা বেগম নামের একজন নারী নিজেকে কম্পিউটার শিক্ষক দাবি করে গত ৫ মার্চ মিষ্টির প্যাকেট হাতে প্রতিষ্ঠানে হাজির। এ সময় তাঁর হাতে প্রতিষ্ঠানের এমপিওভুক্তির কাগজ ছিল।’ গোলাম রব্বানী জানান, ওই শিক্ষক এর আগে কোনো দিন প্রতিষ্ঠানে আসেননি, হাজিরা খাতায় স্বাক্ষরও করেননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘নিয়োগ কমিটির কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ওই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দানের ঘটনা সত্য। আমার স্বাক্ষরও জাল করা হয়েছে।’ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ওই মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্রে আমি স্বাক্ষর করিনি। অথচ শুনেছি, আমার স্বাক্ষর জাল করেই নিয়োগ দেখিয়ে এমপিও নিয়ে আসা হয়েছে।’ কালাইয়ের সাবেক ইউএনও ও মাদ্রাসা কমিটির তৎ কালীন সভাপতি প্রণবকুমার রায়ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অভিযুক্ত শিক্ষকের বড় ভাই ও সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, ‘এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদের সহযোগিতায় এবং নানা জায়গায় তদবির করেই কম্পিউটার শিক্ষক হিসেবে আমার বোনের নিয়োগ ও এমপিওভুক্ত করা সম্ভব হয়েছে।’ মাদ্রাসা সুপার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।