‘কাগুজে’ শিক্ষক ও মাদ্রাসা সুপারের এমপিও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ কমিটির সই জাল করে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়ার ঘটনা তদন্ত করে জালিয়াতির সত্যতা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির বিষয়ে প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন ও সম্পাদকীয় ছাপার পর শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্তে নামে। তদন্তে জালিয়াতির সত্যতা পেয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশে অভিযুক্ত কম্পিউটার শিক্ষক জাহানারা বেগমকে অব্যাহতি দেয়। পাশাপাশি জালিয়াতির ঘটনায় জড়িত থাকার দায়ে ওই শিক্ষকসহ মাদ্রাসা সুপারের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মোমেনা মনি গত ২১ জুন পৃথক পত্রে এই আদেশ দেন। আদেশটি গতকাল রোববার সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছেছে।পত্রাদেশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম ২০০৫ সালে কালাইয়ের তৎকালীন ইউএনও (বর্তমানে সাতক্ষীরার এডিসি) প্রণব কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ নিয়োগ কমিটির সদস্যদের সই জাল করে কাগজে-কলমে একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ দেখান।জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি দীর্ঘ পাঁচ বছর ধামাচাপা থাকলেও চলতি বছরের ৫ মার্চ মিষ্টির প্যাকেট হাতে প্রতিষ্ঠানে হাজির হন অভিযুক্ত শিক্ষক জাহানারা বেগম। এ ব্যাপারে গত ১৩ মার্চ প্রথম আলোতে ‘কাগুজে শিক্ষকের এমপিওভুক্তি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। পরের দিন ‘এই শিক্ষককে নিয়ে আমরা কী করিব: শিক্ষাক্ষেত্রকে দুর্নীতি ও জালিয়াতিমুক্ত করুন’ শিরোনামে প্রথম আলোতে সম্পাদকীয় ছাপা হয়। ১৫ মার্চ ছাপা হয় ‘চাকরি বাঁচাতে ধার করে আনা হলো কম্পিউটার’।পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পত্রাদেশ দুটি হাতে পেয়েছি। সুপার ছাড়াও অভিযুক্ত শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতির কাছে পত্রাদেশের অনুলিপি পাঠানো হয়েছে।’