চট্টগ্রাম নগরের সিএনজি স্টেশনগুলো ‘সিস্টেম গেইন’-এর মাধ্যমে গ্যাস বিক্রি করে প্রতিবছরই আর্থিকভাবে লাভবান হচ্ছে। একইভাবে লাভজনক অবস্থায় আছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
‘সিস্টেম গেইন’-এর এই সুবিধা নেই শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের সিএনজি স্টেশনে। এখানে আছে প্রথাগত সিস্টেম লস। এতে আয়বর্ধক প্রকল্পটি থেকে ‘কাঙ্ক্ষিত লাভ’ করতে পারছে না করপোরেশন।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রথম আলোকে বলেন, ‘স্টেশনে প্রাপ্ত গ্যাস ও বিক্রি হওয়া গ্যাসের পরিমাণের মধ্যে মিল নেই। এই অনিয়ম এড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
করপোরেশনের তথ্যমতে, গত বছরের মে মাসে সিএনজি স্টেশন থেকে ৪৪ লাখ টাকা আয় হলেও এ বছরের মে মাসে হয়েছে ৩৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আয় কমেছে ১০ লাখ টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের ছয় মাসে আর্থিক ক্ষতি হয়েছে নয় লাখ ২০ হাজার টাকা।
এর কারণ খতিয়ে দেখতে তৎপর হয়েছে করপোরেশন। ইতিমধ্যে যান্ত্রিক শাখার একটি দল সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশনের গ্যাস বিতরণের হিসাব তদারকি করে। এই সময়ে স্টেশনে প্রাপ্ত গ্যাস ও বিক্রি করা গ্যাসের মধ্যে ৪৪ ঘনমিটার পার্থক্য পান। বিষয়টি তাৎক্ষণিক মেয়রকে অবহিত করা হলে তিনি নিয়মিত তদারকির নির্দেশ দেন।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নগরের অন্যান্য সিএনজি স্টেশন সিস্টেম গেইন করলেও আমরা তা করতে পারছি না। এর কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে৷’
সিএনজি স্টেশনের মালিক ও করপোরেশনের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিডিসিএল থেকে যদি স্টেশনগুলো ১০০ ঘনমিটার গ্যাস পায়, গ্রাহকদের কাছে বিক্রি করার সময় এর পরিমাণ দাঁড়ায় ১০৫-১১০ ঘনমিটারে৷ এটি হচ্ছে সিস্টেম গেইন।
করপোরেশনের যান্ত্রিক শাখার হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে গ্যাস বিক্রি হয়েছে ৫৬ লাখ ৬০ হাজার টাকায়। কিন্তু ওই মাসে কেজিডিসিএল থেকে প্রাপ্ত গ্যাস বিক্রি হওয়ার কথা ছিল ৫৮ লাখ ৪৯ হাজার ৭৭৫ টাকায়। এ মাসে ক্ষতি হয়েছে এক লাখ ৮৯ হাজার ১৮১ টাকা।
এভাবে চলতি অর্থবছরের জুলাই, আগস্ট, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে প্রাপ্ত গ্যাস বিক্রি করার কথা ছিল তিন কোটি এক লাখ টাকায়। কিন্তু এই ছয় মাসে গ্যাস বিক্রি হয়েছে দুই কোটি ৯২ লাখ টাকা৷ অর্থাৎ করপোরেশনের আর্থিক ক্ষতির পরিমাণ নয় লাখ টাকা৷
করপোরেশন সূত্র জানায়, কেজিডিসিএল থেকে করপোরেশন এক ঘনমিটার গ্যাস কেনে ২৩ টাকায়। গ্রাহক পর্যায়ে এই গ্যাস বিক্রি করা হয় ৩০ টাকায়৷
তবে প্ল্যান্টের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ওয়াহিদ উল্লাহ বলেন, ‘গ্যাস বিক্রি করে লাভ হয় ঠিকই। কিন্তু কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না৷ তাই এটিকে ক্ষতি বলা যাবে না। এ জন্য স্টেশনের কেন্দ্রীয় মিটারব্যবস্থার ত্রুটি দায়ী। তা সারাতে কেজিডিসিএলকে চিঠি দিয়েছি।’
বাংলাদেশ সিএনজি রি-ফুয়েলিং স্টেশন এবং কনভার্সন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ই ম মনসুরুল করিম প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের সিএনজি স্টেশনে সব ধরনের সুবিধা আছে৷ তাহলে গ্যাস বিক্রি করে আর্থিক ক্ষতি কিংবা আয় কমার কথা নয়।’
চট্টগ্রাম সিটি করপোরেশন ২০০৩ সালে নগরের দামপাড়ায় নগরে প্রথমবারের মতো সিএনজি গ্যাস স্টেশন স্থাপন করে। স্টেশনে তিনটি ইউনিট থাকলেও বর্তমানে একটি অচল হয়ে আছে।