‘কাজকাম নাই, খাওয়া বন্ধ’
একেকটি হরতালের ঘোষণা আসে আর আতঙ্কে থাকেন গাজীপুরের টঙ্গীর ট্রাক ও পিকআপ ভ্যানের চালকেরা। গাড়ি চালালে ভাঙচুর-পোড়ানোর ভয়ে থাকেন আর না চালালে বেকার বসে থাকতে হয়। টঙ্গীতে এমন ভুক্তভোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। প্রতিদিনের হরতালে তাঁদের ক্ষতি হয় প্রায় ২০ লাখ টাকা।টঙ্গীর চেরাগ আলী স্ট্যান্ডে গতকাল বুধবার বেলা পৌনে একটায় গল্প করছিলেন আবদুস সামাদসহ (৫২) কয়েকজন ট্রাকচালক। ট্রাক না চালানোর কারণ জানতে চাইলে সামাদের সোজাসাপটা জবাব, ‘গাড়ি পুইড়া ফালাইলে ক্ষতিপূরণ দিব কে? কাজকাম নাই, খাওয়া-খাদ্য বন্ধ।’টঙ্গী বাজার স্ট্যান্ডে একটি পিকআপ ভ্যান আছে মো. হারুনের। গতকালের হরতালে তাঁর গাড়ির চাকাও ঘোরেনি। বললেন, ‘হরতাল আইলেই তো আমরা বসা। পিকআপের চাকা ঘুরলে দুই হাজার টাকা আমার আইত। চালক ও হেলপার এক হাজার টাকা পাইত।’টঙ্গী ট্রাক ও পিকআপ ভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, চেরাগ আলী ও টঙ্গী বাজারে অবস্থিত দুটি স্ট্যান্ডে ৪৫০টি ট্রাক ও ১২০টি পিকআপ ভ্যান রয়েছে। প্রতিটি যানবাহনের সঙ্গে একজন মালিক, একজন চালক, দুজন সহকারী ও দুজন দিনমজুরের জীবিকা নির্ভর করে। হরতালে প্রতিদিন এসব যানবাহন থেকে গড়ে তিন হাজার টাকা আয় হয়। এর মধ্যে মালিক পেতেন দুই হাজার টাকা, চালক ও দুই সহকারী পেতেন এক হাজার টাকা। এ ছাড়া গাড়িতে মালামাল ওঠানো-নামানোর কাজে দুজন দিনমজুর কমপক্ষে ৫০০ টাকা পেতেন।এভাবে প্রতিটি হরতালে ৫৭০টি যানবাহনের তিন হাজার ৪২০ জন মালিক, চালক, সহকারী ও দিনমজুরের সাড়ে তিন হাজার টাকা করে মোট ১৯ লাখ ৯৫ হাজার টাকার ক্ষতি হয়। তাঁদের সঙ্গে ভুগতে হয় পরিবারের সদস্যদেরও।গাড়ি চালালে আরও বিপদ: টঙ্গীর আরিচপুর এলাকার সুলতান গাজীর পিকআপ ভ্যান চালান মো. ফারুক। গত ফেব্রুয়ারি মাসে হরতালকারীরা রাজধানীর উত্তরার আজমপুরে তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। ওই কাচ পরিবর্তন করতে ২০ হাজার টাকা খরচ হয়।গতকাল সকাল সাড়ে ১০টায় টঙ্গী বাজার ট্রাকস্ট্যান্ডে ফারুকের সঙ্গে কথা হয়। ওই দিনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো রকমে জান নিয়া পালাইছি। আল্লায় অগো (হরতাল-সমর্থক) বাঁচাইছে। চাক্কার নিচে পড়লে কয়েকজন মরত। আমিও মরতে পারতাম।’একইভাবে গত মাসের হরতালে সাত্তার মিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর বোর্ডবাজার এলাকায় হামলার শিকার হয় লাল খাঁর পিকআপ ভ্যান। তিনি বলেন, হরতাল-সমর্থকেরা তাঁর গাড়ির সামনের কাচ ভেঙেছে। একটি কাচের দাম ১৭ হাজার টাকা। এই টাকা কীভাবে জোগাড় করবেন, বুঝতে পারছেন না।ছয় মাস আগে হরতাল-সমর্থকেরা চান্দু মিয়ার একটি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেয়। চান্দু মিয়া বলেন, পুরোনো ওই গাড়িটি তিনি সাড়ে নয় লাখ টাকা দিয়ে কিনেছিলেন। এখন তিনি পথের ফকির।টঙ্গী ট্রাক মালিক সমিতির কার্যকরি কমিটির সদস্য মো. আলাউদ্দিন বলেন, ‘হরতালে সবচেয়ে ভয় হলো গাড়ি জ্বালিয়ে দেওয়া। গাড়ি ভাঙচুর করলে ঠিক করা যায়। কিন্তু পুড়িয়ে দিলে কিছুই থাকে না।’টঙ্গী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ বলেন, গত দুই বছরে বিভিন্ন হরতালে টঙ্গীর কমপক্ষে ২২টি ট্রাক ও পিকআপ ভ্যান হামলার শিকার হয়েছে। এর মধ্যে গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও আছে। তা ছাড়া হামলায় চালক ও সহকারীরাও আহত হচ্ছেন।