‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’ এ প্রবাদবাক্যটি নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষেত্রে যথার্থ। কারণ কাগজে-কলমে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিত্সক থাকার কথা ১৩ জন, আছেন সাতজন। অন্যরা সেনবাগ থেকে বেতন নিলেও প্রেষণে চাকরি করছেন অন্যত্র। এতে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।গতকাল সোমবার ৫০ শয্যার হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ড অনেকটাই ফাঁকা। দুই ওয়ার্ডে রোগী আছে ১৫ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিশু। বহির্বিভাগ থেকে গতকাল চিকিত্সাসেবা নিয়েছে ১৩৯ জন। তবে অন্যান্য দিন রোগী বেশি থাকে বলে জানান বহির্বিভাগে কর্মকর্তারা। পুরুষ ওয়ার্ডের শ্বাসকষ্টের রোগী আবদুল মমিনের স্ত্রী রোকসানা আক্তার প্রথম আলোকে বলেন, ১২ দিন হয় তাঁর স্বামী ভর্তি হয়েছে। সকালে একটি বড়ি আর একটি ইনজেকশন ছাড়া কিছুই দেওয়া হয় না। কোনো কোনো দিন চিকিত্সকও আসেন না। হাতে টাকা নেই যে অন্য কোথায়ও নিয়ে চিকিত্সা করাবেন। সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিত্সক, জুনিয়র পরামর্শক চিকিত্সক ও চিকিত্সকের ২৩টি পদের মধ্যে কাগজে-কলমে কর্মরত আছেন ১৩ জন। বাকি ১০টি পদ শূন্য আছে দীর্ঘদিন ধরে। যে ১৩ জন কাগজে-কলমে কর্মরত তাঁদের মধ্যে বাস্তবে আছেন সাতজন। বাকি ছয়জন প্রেষণে বদলি হয়ে অন্যত্র চাকরি করছেন, আর মাস শেষে বেতন নিচ্ছেন সেনবাগ থেকে।এ ছাড়া যাঁরা কর্মরত রয়েছেন তাঁদেরও বিভিন্ন সময় বিভাগীয় প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনসহ নানা কাজে ব্যস্ত থাকতে হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হয়, যাঁরা কর্মরত থাকেন তাঁদের হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স, ইসিজি মেশিন ও জেনারেটর অকেজো দীর্ঘদিন ধরে। এক্স-রে মেশিনটি একটি সুইচে সমস্যার কারণে রোগীদের কোনো কাজে আসছে না। অ্যাম্বুলেন্স না থাকায় মুমূর্ষু রোগীদের নিয়ে স্বজনদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। ১৫ জন সেবিকার মধ্যে আছেন সাতজন। রয়েছে সুইপার, ঝাড়ুদারসহ অন্যান্য পদের জনবলসংকটও।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘যাঁদের প্রেষণে বদলি করা হয়েছে তাঁদের স্থায়ী বদলি করলে নতুন চিকিত্সক পাওয়া যেত। কিন্তু তা না করায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।’