পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আনোয়ার-উল-হক বলেছেন, ‘কমিশনকে আপনারা কাজ করার সুযোগ দিন। তারপর মূল্যায়ন করবেন কমিশন কী করছে। কমিশনের চেয়ারম্যান সরকারের প্রতিনিধিত্ব করছেন না। আইনের প্রতিনিধিত্ব করছেন।’
গতকাল শুক্রবার খাগড়াছড়ি সার্কিট হাউসের ভিআইপি লাউঞ্জে বাঙালি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, আইনজীবী মঞ্জুর মোর্শেদ ও জসিম উদ্দিন মজুমদার, ব্যবসায়ী হাজি রফিক উদ্দিন, বাঙালি ছাত্র পরিষদের নেতা মাঈন উদ্দিন।
মতবিনিময় সভায় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘কমিশন রাতারাতি বিরোধ নিষ্পত্তি করবে না। সময় ও অনুকূল পরিবেশ লাগবে কাজ করতে। একপক্ষীয় কোনো রায় দেওয়া হবে না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, তা লিখিত আকারে কমিশনের মাধ্যমে সরকারকে জানাতে পারেন।’ তিনি বলেন, চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হবে। তাই চেয়ারম্যানের ক্ষমতা এখানে গৌণ।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব ও খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম ও রেজিস্ট্রার মো. সোয়েক খান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।