'কাঠামোগত পরিবর্তনের দিকে নজর দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্ডার বাজেট বাস্তবায়নে কাঠামোগত পরিবর্তনের দিকে নজর দেওয়া হচ্ছে না। এ ছাড়া নজরদারির অভাবে যা বরাদ্দ পাওয়া যায়, তারও যথাযথ ব্যবহার হচ্ছে না। এই দুটি বিষয়ে সরকারকে নজর দিতে হবে। এমনটাই বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভার আলোচকেরা। 

আজ রোববার রাজধানীতে মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক বাজেট-পরবর্তী আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, জেন্ডার বাজেট একুশ শতকের নারী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারী আন্দোলনের পক্ষ থেকে জেন্ডার বাজেট কতটা বাস্তবায়িত হচ্ছে, তার নজরদারি করতে হবে।
আয়শা খানম বলেন, বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য জেন্ডার বাজেট পাওয়া একটি ইতিবাচক অর্জন। তবে জবাবদিহির বিষয়টি যথাযথভাবে কাজ না করায় বাজেট বরাদ্দ থকলেও তার ব্যবহার যথাযথ হয় না। বরাদ্দ যথাযথ ব্যয় না হয়ে কেন ফেরত যাচ্ছে, তা-ও দেখতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ। তিনি বলেন, জেন্ডার বাজেট শুধু টাকার হিসাব নয়। এ বাজেটের মূল উদ্দেশ্য জেন্ডার বা লৈঙ্গিক সমতার বিষয়টিকে রাষ্ট্রের সব ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা। বাজেটে এমনভাবে বরাদ্দ দিতে হবে, যাতে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা সম্ভব হয়। তিনি বাজেট বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে কাঠামোগত পরিবর্তনের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আবার একইভাবে নারীর নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে নজর না দিলে শুধু কাঠামোগত পরিবর্তন করেও লাভ হবে না বলে উল্লেখ করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিদিশা হক, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন বিভাগের পরিচালক লায়লা খন্দকার এবং দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মুনিমা সুলতানা আলোচনায় অংশ নেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী।