‘কাঠিবান্ধা’ কেড়ে নিল প্রমার হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনচলার পর সিলেটের গ্রামাঞ্চলে ভাঙা হাড় জোড়া লাগাতে প্রচলিত ‘কাঠিবান্ধা’ চিকিৎসার চক্করে এবার পড়েছিল প্রমা নামে আরেক শিশু। তবে মনচলার মতো অক্ষত শরীরে পার পায়নি সে, পচন ধরা বাঁ হাতের কনুই পর্যন্ত খোয়াতে হয়েছে তাকে। গত মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচার চলে পাঁচ বছর বয়সী শিশু প্রমার হাতে। হাতের ওই অংশটুকু ফেলে দিয়ে চিকিৎসকেরা তাঁর জীবন রক্ষা করেন। প্রমাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বুশকাইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে। তার বাবা সাথী মিয়া প্রায় ১৪ মাস আগে মধ্যপ্রাচ্য যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। মা রুবিনা বেগম পাঁচ সন্তান নিয়ে বাবার আর্থিক সহায়তায় সংসার চালাচ্ছেন। গত ১ মে সন্ধ্যায় বাড়ির আঙিনায় হোঁচট খেয়ে পড়ে বাঁ হাতে চোট পায় প্রমা। রাতে প্রচণ্ড ব্যথায় কোঁকাতে থাকে সে। নানা আবদুল জব্বার পরদিন প্রমাকে পাশের ভাটেরা-খাঁরপাড়ায় ‘কাঠিবান্ধা’ চিকিৎসক লকিছ মিয়ার কাছে নিয়ে যান। আবদুল জব্বার বলেন, লকিছ মিয়া প্রমার বাঁ-হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত এক ধরনের তরল প্রলেপ দেন। এর পর ভাঙা অংশ দুটি কাঠি দিয়ে শক্ত করে বেঁধে তিন দিন পর আসতে বলেন। রাতে প্রমার হাত ফুলতে শুরু করে। দুই দিনের মাথায় অসহ্য ব্যথায় প্রমা চিৎকার শুরু করলে নানা তাকে আবার লকিছ মিয়ার কাছে নিয়ে যান। লকিছ মিয়া ভাঙা স্থান সেরে যাওয়ার নিশ্চয়তা দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেন। তৃতীয় দিন প্রমার ওই হাতে পচনের লক্ষণ দেখা দেয়। দুর্গন্ধও বের হতে থাকে। প্রমাকে নিয়ে নানা আবার লকিছ মিয়ার কাছে গেলে তিনি বলেন, ভাঙা হাড় জোড়া লাগতে শুরু করেছে। এখন পচন শুকাতে দ্রুত কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। আবদুল জব্বার জানান, আর্থিক সংকটের কারণে প্রমাকে তখন কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর প্রমার হাতের অবস্থার আরও অবনতি হতে থাকে। গত মঙ্গলবার বাধ্য হয়ে তাঁরা প্রমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার হাত পরীক্ষা করে চিকিৎসকেরা বলেন, কনুই থেকে হাত কেটে ফেলা ছাড়া প্রমাকে বাঁচানো যাবে না। হাতের ওই অংশ কেটে ফেলা ছাড়া বিকল্প কিছু নেই বলে চিকিৎসকেরা জানিয়ে দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নূরুল আলম জানান, হাসপাতালে নিয়ম মেনে প্রমাকে ভর্তি করানো ও অস্ত্রোপচার করা সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য দেরি না করে রাতেই শাহজালাল উপশহর এলাকায় বেসরকারি বুগশান মেডিকেল হাসপাতালে তার হাতে অস্ত্রোপচার করা হয়।গতকাল বুধবার সকালে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রমার বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়েছে। বুগশান মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। মেয়েটি এখন সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত। তবে তাকে আরও সপ্তাহখানেক পর্যবেক্ষণে রাখা হবে।’ কামরুল হাসান বলেন, ‘তার হাতের ওই পচন কনুই পার হলে তা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তখন তাকে বাঁচানোর কোনো উপায় থাকত না।জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে কুলাউড়ার ভাটেরা-খাঁরপাড়ায় লকিছ মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী শিরি বেগম জানান, তাঁর স্বামী সিলেট গেছেন। মুঠোফোনে লকিছ মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শিরি বেগম দাবি করেন, তাঁর স্বামী প্রায় ১০ বছর ধরে ‘কাঠিবান্ধা’ চিকিৎসা করছেন। এই প্রথম এমন ঘটনা ঘটল।ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ চৌধুরী বলেন, ‘লকিছ মিয়া যে কবিরাজি করেন, এটা আমি এ প্রথম শুনলাম।’ কুলাউড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ওই মেয়ের পরিবারের সদস্যরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।