'কাডত তো ৭০, তাও বলে বয়স হয় নাই'

‘আইডি কাডত তো ৭০ দিছে, তাও মোর বলে বয়স হয় নাই, এই জন্য মুই বয়স্ক ভাতা পাও না। মোর বাড়ি নাই, ঘর নাই, এক কানি জমিও নাই, বেটা-বউর মাঝত খাও, মোক কাও দেখে না।’ নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের গুরগুড়ি গ্রামের রাস্তার পাশে খড়ের গাদায় গত বুধবার সকালে জবুথবু হয়ে বসে থাকতে দেখা যায় ওই গ্রামের সুশীলা বর্মণকে। এ সময় তাঁর বয়স কত জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
সুশীলা বলেন, শীতের কবল থেকে রক্ষার জন্য প্রতিদিন সকালে এভাবেই খড়ের গাদায় বসে থাকেন তিনি। প্রায় ২০ বছর আগে তাঁরা এই গ্রামে আসেন। আগে তাঁরা শহরের বাড়াইপাড়া মহল্লায় অন্যের জমিতে বসবাস করতেন। তাঁদের নিজের জমিজমা নেই। সম্প্রতি তাঁর ছেলে নীল বাবু অন্যের দুই শতক জমি কিনে সেখানে ঘর তুলে আছেন। কিন্তু ওই জমিটুকুও এখন পর্যন্ত তাঁদের নামে রেজিস্ট্রি করে নিতে পারেননি। নীল বাবু ভ্যান-রিকশা চালিয়ে সংসার চালান। তিনি আরও বলেন, ‘মোর একটা বয়স্ক ভাতার জইন্য কত জাগাত গেছু, বয়স্ক ভাতা, বিদুয়া ভাতা কিছুই দেয় না। মোর বলে বয়স হয় নাই, কত বয়স হইলে দিবে? জারত মরি যাওছো চেয়ারম্যান-মেম্বরও দেখে না, ভোট আইসলে হামার কত আদর।’
সুশীলার পুত্রবধূ রেনু বালা (৪০) বলেন, ‘শাশুড়ির বয়স হইছে, ওই বয়সে কী আর কামকাজ করির পারে? তাও ঘরের কামকাজ করে, বয়স্ক ভাতার জন্য কত চেষ্টা করছে কিন্তু হয় না। গরিব মাইনসের কথা কায় শুনে।’
কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, ওই এলাকাটা পৌরসভার মধ্যে ঢোকার প্রক্রিয়া চলছে। এ কারণে মেম্বাররা সেখানে বেশি খবর রাখেন না। এরপরও সরকারি কোনো সুযোগ পেলে তাঁকে ওই সুবিধার আওতায় আনা হবে।