'কাদের মোল্লার ফাঁসি বিচারিক হত্যাকাণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসিকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল সোমবার পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।

ওই প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তানের জামাত-ই-ইসলামীর (জেআই) নেতা শের আকবর খান। এতে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করার কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামীর একজন প্রবীণ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। এ ঘটনায় পার্লামেন্ট গভীরভাবে উদ্বিগ্ন। পরে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়।

কাদের মোল্লার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে একাত্তরের ক্ষত কাটিয়ে ওঠা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মামলাগুলো সদয়ভাবে বিবেচনার দাবি জানায় পাকিস্তানের পার্লামেন্ট।

এর আগে পার্লামেন্টে পয়েন্ট অব অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের অখণ্ডতার পক্ষ নেওয়ায় কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা বিচার বিভাগীয় হত্যাকাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একাত্তর সালে পাকিস্তানের পক্ষে সমর্থন করে কাদের মোল্লা দেশ-প্রেমিকের দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব পাকিস্তান বিচ্ছেদ হওয়ায় পাকিস্তানিদের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, তাতে আবারও ব্যথা দেওয়া হলো এই ফাঁসির মাধ্যমে। দ্য ডন।