'কান টানলে মাথা আসবে'
কাঠগড়া নদী! রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর থানার সীমানা। নিত্যদিন নদীর পাড়ে বসে জুয়ার আসর। দিনভর দূরদূরান্ত থেকে লোকজন আসে জুয়া খেলতে। চারদিকে ফাঁকা মাঠ। পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যায় জুয়াড়ুরা। কাজ হয় না। এবার পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে জুয়াড়ুদের ব্যবহৃত ফেলে যাওয়া সাতটি মোটরসাইকেল। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বদরগঞ্জ থানার পুলিশ ওই জুয়ার আসরে অভিযান চালায়।
বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনন্ত রায় বলেন, ওই জুয়ার আসরের কারণেই এলাকায় অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। নদীর পাশে ফাঁকা জায়গায় ওই আসর বসায় পুলিশের উপস্থিতি দূর থেকে বুঝতে পেরে জুয়াড়ুরা পালিয়ে যায়। তাই এবার অভিযান চালিয়ে জুয়াড়ুদের ফেলে যাওয়া নিবন্ধনহীন সাতটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কান টানলে মাথা আসবে। মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিতে এলে জুয়াড়ুদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানায়, থানা দুটি থেকে নাগেরহাট কাঠগড়া নদীর দূরত্ব অন্তত ১৮ কিলোমিটার। জনবলসংকটের কারণে সেখানে নিত্যদিন পুলিশি অভিযান চালানো যায় না। দুই থানার সীমান্ত এলাকা হওয়ার সুযোগে জুয়াড়ুরা সেখানে নিয়মিত জুয়ার আসর বসায়। এলাকার অতিষ্ঠ লোকজন গত মঙ্গলবার দুপুরে নাগেরহাটে মানববন্ধন করে জুয়াড়ুসহ অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।