মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত জাতিসংঘের ষোড়শ জলবায়ু সম্মেলনে প্রতিষ্ঠিত ‘কানকুন সমঝোতা’ কার্যত জলবায়ু পরিবর্তন মোকাবিলা অর্থায়নে বিশ্বব্যাংকের ভূমিকাকে বৈধতা দিয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংগঠন ও এনজিওদের নেটওয়ার্ক ইক্যুইটিবিডি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে।বিশ্বব্যাংক আগামী তিন বছর ১০০ বিলিয়ন ডলারের ‘গ্লোবাল গ্রিন ফান্ড’ ব্যবস্থাপনা করবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এর ফলে প্রভাবশালী ঋণদাতা সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর ওপর তাদের শর্ত চাপানোর সুযোগ পাবে।মূল উপস্থাপনায় ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী বলেন, কানকুন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের ভূমিকা এবং দেশে সরকারের ভূমিকা দ্বৈততাপূর্ণ।রেজাউল করিম চৌধুরী বলেন, সরকারি প্রতিনিধিদল কানকুন যাওয়ার আগে দেশে সংবাদ সম্মেলন করে বলেছিল, তারা জলবায়ু তহবিলে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্তির বিরোধিতা করবে। কিন্তু কানকুনে এ ধরনের প্রস্তাবে সরকারি প্রতিনিধিদল কোনো প্রতিবাদ করেনি।