'কান্নাকাটি করলে চলত নির্যাতন'
‘ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাচ্ছিলাম আমরা কয়েক শ জন। বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছিল ট্রলারের ওপর। কিন্তু এ সময় ভয় পেলেও কান্নাকাটি করতে পারতাম না। কান্নাকাটি করলে চলত দালালদের লাঠিপেটা, অত্যাচার-নির্যাতন।’
গতকাল বৃহস্পতিবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথাগুলো বলল নারায়ণগঞ্জের রূপগঞ্জের নয়কাহন গ্রামের জাহেদুল করিম (১৬)।
গত বৃহস্পতিবার জাহেদুলসহ ১৫৫ জন অভিবাসীকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনে বিজিবি। গতকাল বেলা দুইটার দিকে তাদের মধ্য থেকে অপ্রাপ্তবয়স্ক নয়জনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক সুশান্ত প্রসাদ চাকমা তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর ওই নয়জনকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের নির্দেশ দেন আদালত। বিকেলে ওই নয়জনকে আদালত থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার কার্যালয়ে নেওয়া হয়। এর আগে আদালত প্রাঙ্গণে কয়েকটি শিশুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
জাহেদুল করিম বলল, ‘গত পয়লা এপ্রিল বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় মামুন নামের এক ব্যক্তি মাইক্রোবাসে তুলে আমাকে ঢাকায় নিয়ে যায়। একপর্যায়ে ট্রলারে তুলে দেওয়া হয়। সঙ্গে আরও অনেক লোক ছিল।’ সে বলল, ট্রলারে কান্নাকাটি করলে দালালেরা তাদের মারধর করত। দালালদের লাঠির আঘাতে তার হাত ভেঙে যায়।
একই গ্রামের মো. রবিনের (১৭) শরীরে আছে আঘাতের চিহ্ন। সে বলল, ‘দেড় মাস ধরে আমরা কয়েক শ মানুষ সাগরে ভেসেছি। ওই সময় দালালেরা কথায় কথায় মারধর করত। ঠিকমতো খেতে দিত না। মুক্তিপণের জন্য কয়েকজনকে পিটিয়ে হত্যা করতে দেখেছি।’
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফজিলপুর গ্রামের লিটন আলী (১৭) জানায়, ট্রলারে পানি চাওয়ায় নরসিংদীর লতিফকে পিটিয়ে হত্যা করে এক দালাল। তারপর লাশ সাগরে ফেলে দেয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সভাপতি নুরুল আবছার জানান, আদালতের নির্দেশে তাঁরা নয়জনকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবেন। তিনি জানান, ওই নয়জনের মধ্যে ছয়জনের বাড়ি নারায়ণগঞ্জে, দুজনের ঝিনাইদহে ও একজনের বাড়ি মাদারীপুরে।
এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ওই নয়জন ছাড়া বাকি ১৪৬ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার দুপুরের আগেই তাঁদের ছেড়ে দেওয়া হবে।
গত বুধবার বিজিবি মিয়ানমার থেকে ১৫৫ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনে। তাঁদের মধ্যে সিরাজগঞ্জের ২৪ জন, চুয়াডাঙ্গার ১১ জন, সাতক্ষীরার দুজন, মাদারীপুরের ১৫ জন, ফরিদপুরের চারজন, কুষ্টিয়ার চারজন, মাগুরার চারজন, পাবনার ১২ জন, নারায়ণগঞ্জের ৪১ জন, ঝিনাইদহের ১২ জন, যশোরের নয়জন, কুমিল্লার পাঁচজন, জয়পুরহাটের চারজন ও সুনামগঞ্জের আটজন।