‘কাম কইরা খামু, তবু বুইরা বেডার লগে বিয়া বমু না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কাম কইরা ভাত খামু। তবু ওই বুইরা বেডার লগে বিয়া বমু না। আপনেরা আমারে বাছান। আমার মা সর্দাররে (ঘটক) পন্ডশ (পনেরো শ) টেহা দিছে ওই বেডার লগে আমারে বিয়া দেওনের লাইগ্যা। আইজকা রাইতেই আমার বিয়া হওনের কথা আছিল। কিন্তু এর আগেই আমি পলাইয়া চইল্যা আইছি।’গত শুক্রবার সকালে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল রত্না বেগম (১২) নামের এক কিশোরী। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিষুতারা গ্রামের রিকশাচালক মো. সেলিম মিয়া ও মমতা বেগমের মেয়ে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের কৃষক ফুলু হোসেনের (৫০) সঙ্গে শুক্রবার রাতে রত্নার বিয়ের কথা ছিল। এ জন্য বিয়ের সব প্রস্তুতিও নেওয়া হয়। বিয়েপাগল ফুলু হোসেন এর আগে তিনটি বিয়ে করেছেন। চতুর্থবার বিয়ের আগেই ওই কিশোরী কৌশলে বাড়ি থেকে পালিয়ে উপজেলা সদরে এক চাচার বাড়িতে এসে আশ্রয় নেয়।রত্না জানায়, তারা চার বোন, দুই ভাই। সে সবার বড়। অভাব-অনটনের সংসারে তার বাবা-মা এ বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়েতে তার মত না থাকায় সে বিয়েবাড়ি থেকে পালিয়ে প্রায় চার কিলোমিটার পথ হেঁটে চাচা রুবেল মিয়ার বাড়িতে ওঠে।সরাইল উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকে রুবেলের পরিবার। রত্নার কাছে ঘটনা শুনে রুবেল মিয়ার স্ত্রী রুবিনা আক্তার স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। পরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র সাহার উদ্যোগে বাল্যবিবাহটি বন্ধের ব্যবস্থা নেওয়া হয়।রত্নার বাবা সেলিম মিয়া বলেন, ‘ছোডোকালে বিয়া দেওনডা যে অফরাধ, এইডা আমরা জানতাম না। মাইয়াডার ভবিষ্যৎ চিন্তা কইরা ঘটকের মাইদ্যমে এই বিয়া ঠিক করছিলাম। কিন্তু ওসি স্যারের কথায় এহন আর মাইয়াডারে বিয়া দিমু না।’এ ব্যাপারে ফুলু হোসেনের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা যায়নি। সরাইল থানার ওসি সুভাষচন্দ্র সাহা বলেন, মেয়েটিকে তার বাবা-মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। রত্নার বয়স ১৮ না হওয়া পর্যন্ত তাঁরা আর মেয়ের বিয়ে দেবেন না। এ বিষয়ে তার মা-বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর ঘটক ও বিয়েপাগল ফুলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।