'কাম দেন, চাল কিনুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্ন আয়ের এ মানুষেরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন গত মঙ্গলবার রাত নয়টায়। তাঁরা যাবেন মোহনগঞ্জে। গতকাল বিকেল চারটায়ও তাঁদের ট্রেন আসেনি। ক্লান্তিতে তাঁদের অনেকেই বারান্দায় ঘুমিয়ে পড়েন ষ ছবি: প্রথম আলো
নিম্ন আয়ের এ মানুষেরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন গত মঙ্গলবার রাত নয়টায়। তাঁরা যাবেন মোহনগঞ্জে। গতকাল বিকেল চারটায়ও তাঁদের ট্রেন আসেনি। ক্লান্তিতে তাঁদের অনেকেই বারান্দায় ঘুমিয়ে পড়েন ষ ছবি: প্রথম আলো

‘সরকার-নির্বাচন-তফসিল এইগুলি দিয়া আমরার কী হইব? কাম দেন, চাল কিনুম।’

এ কথা রাজধানীর মালিবাগের এসবি অফিসের কোনায় সকাল গড়িয়ে দুপুরেও কাজের অপেক্ষায় থাকা দিনমজুর মজিদ মিয়ার।

হতাশা প্রকাশ করে মজিদ বলেন, ‘দুই ছেইলারে কত দিন পেট ভইরা ভাত দিবার পারি নাই। হেগো মায় আর আমি এক বেলা খাই। ভাড়া দিবার পারি নাই দেইখা ঘর ছাইড়া দিতে কইছে। বউ-পোলামাইয়া লইয়া কই যামু? ক্যামনে বাঁচুম।’

রাজনৈতিক দলগুলোর প্রতি মজিদ মিয়ার ক্ষোভ অনেক। জানালেন, গত দু-তিন মাসের হরতাল-অবরোধের কারণে কাজ জুটছে না নিয়মিত। তিন বেলা খাবার জুটছে না পরিবারের সদস্যদের।

আরেক দিনমজুর আলী হোসেনের বিরক্তি, ‘কে আইল, কে গেল, তাতে আমাগো কী? কখনো কারও ফাঁসির জন্য হরতাল, কখনো টেলিফোনের লাইগা হরতাল, কখনো নেতাগো মুক্তির লাইগা হরতাল, আইজকা নির্বাচনের লাইগা। কিছু হইল তো—দিল হরতাল। আমাগো কাজ দিব কেডা?’

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার  এভাবেই নিজেদের হতাশা প্রকাশ করেন দিনমজুরেরা। বাঁশের টুকরি, খন্তা বা কোদাল নিয়ে অপেক্ষায় তাঁরা। তাঁরা দিনমজুর, দিন চুক্তিতে কাজ করেন।

গতকাল রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, খরিদ্দার না থাকলেও অনেকে দোকান খুলেছিলেন। ফুটপাতের ওপর বিভিন্ন ফলের পসরা, কাটপিস কাপড়ের অস্থায়ী দোকান, ঠেলা গাড়িতে শাকসবজি। সবই আছে। কিন্তু ক্রেতা নেই, থাকলেও খুবই কম। বেইলি রোডের বিক্রেতাদের ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যায়।

উত্তর বাড্ডায় এক যাত্রীকে নিয়ে হাতাহাতির দশা তিন অটোরিকশাচালকের। যাত্রী যাবেন মতিঝিলে, ভাড়া দেবেন ৮০ টাকা। জানতে চাইলে অটোরিকশাচালক হান্নান জানান, ‘দুপুর গড়ায়ে গেছে। রাস্তায় যাত্রী নাই। একে তো পিকেটারদের ভয়, অন্যদিকে মালিকের জমা। তাই যা পাই,    তাই সই।’

প্রেসক্লাবের মোড়ে চা-বিক্রেতা আবদুল জানান, হরতালে রিকশাচালকেরাই মূল ক্রেতা। কিন্তু পিকেটারদের ভয়ও আছে।

অবরোধের প্রথম দিন মঙ্গলবার ভয়েই পিঠা বানাতে বসেননি আলেয়া আক্তার। গতকাল বিকেল চারটায় চুলা ও পিঠার সরঞ্জাম নিয়ে বসেন এফডিসিলাগোয়া হাতিরঝিল মোড়ে। ‘বইছি তো, যদি কেউ ককটেল মারে—হেই ডরে পোলার চাচারে আইতে কইছি। কাইল তো বেচাকিনি করিই নাই। আইজকা কিছু হইলে হয়।’

গতকাল মতিঝিলে কিছুটা ব্যস্ততা চোখে পড়ে। অফিস থেকে একটু আগে বের হয়ে কাঁচাবাজার সেরে নিচ্ছিলেন রাইসা কবির ও রুমাইয়া ইসলাম।

রুমাইয়া জানান, অন্য দিনের তুলনায় সবজির দাম বেশি। এ কথায় সবজি-বিক্রেতা মো. বারেকের সহাস্য প্রতিবাদ, ‘আপা কাইলকা যে হরতালে ব্যবসা হয় নাই, সেইডার দাম দেবেন না।’ রাইসাও হাসতে হাসতে বলেন, ‘হরতাল নয়, অবরোধ।’

নয়াপল্টন, ফকিরাপুল, বিজয়নগরে দু-একটা চায়ের দোকান খোলা। কিন্তু পুলিশের জোর নজরদারির কারণে লোকজন নেই। চশমা, মোটরপার্টস ও ফার্নিচারের সব দোকান বন্ধ।

এলাকায় কারও সঙ্গে কথা বলতে গেলেও পুলিশের জিজ্ঞাসাবাদ, ‘এত কথা কিসের?’ চা-বিক্রেতা পুলিশকে জিজ্ঞেস করেন, ‘চা বেচুম না?’