‘কাম নাই, ঘরো খানিও নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে অথৈ পানি। বাড়িঘর-রাস্তাঘাট ডুবে গেছে। কেউ কেউ ছাপরাঘরের ভেতর মাচা বেঁধে আছেন। বিশুদ্ধ পানি সংগ্রহ করতে ছোট শিশুরা নৌকায় কলস নিয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে। খামারের মাছ ভেসে গেছে। সরেজমিনে গতকাল রোববার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপারের ইউছুফনগর, নয়াগ্রাম ও পশ্চিম জুড়ী ইউনিয়নের খালোরমুখ, কালনীগড়, খাকটেকা ও তালতলা গ্রাম ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর উপচে তাঁরা পানিবন্দী হয়ে পড়েছেন। নয়াগ্রামের দিনমজুর আরব আলী বলেন, ‘কামকাজ নাই। ঘরো খানিও (খাবারও) নাই।’ খালোরমুখের জমিলা বেগম বলেন, ‘অখনো তো কিচ্ছু পাইলাম না। ছোট ছেলেমেয়েরারে লইয়া কষ্টে আছি।’ তালতলার গোপেন্দ্র দাস বলেন, ‘ভাটির বায়দি (দিকে) পানি বাড়ের। ডর লাগের (হচ্ছে)।’ জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান জানান, তাঁর এলাকার অন্তত ২০টি খামারের মাছ ভেসে গেছে।পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল মোহন দাস জানান, দু-চারটি বাদে কালনীগড়, খাকটেকা ও তালতলা গ্রামের অধিকাংশ নলকূপ তলিয়ে গেছে। ফলে এসব এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জায়ফরনগর ইউপির চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও পশ্চিম জুড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকান্ত দাস জানান, তাঁদের ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার লোক পানিবন্দী। ছয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২০০টি পরিবার উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়ন বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গতদের জন্য পাওয়া সরকারি ত্রাণ ইতিমধ্যেই স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত জানান, গতকাল বিকেলে বন্যাকবলিত কয়েকটি এলাকায় ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।