'কামডা করল কী?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দরিদ্র অন্তঃসত্তা মায়েদের স্বাস্থ্য ও শিশুযত্ন-বিষয়ক পাঁচ দিনের এক কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে টাকা দেওয়া ও সই রেখেই শেষ করা হয়েছে। এতে কর্মশালার মূল উদ্দেশ্যই ভেস্তে গেছে। কোথাও কয়েক ঘণ্টা আবার কোথাও শুধু সই নিতে যেটুকু লাগে ততটুকু সময়েই শেষ করা হয়েছে পাঁচ দিনের এই কর্মশালা।
উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকারের মহিলা-বিষয়ক অধিদপ্তরের দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আওতায় উপজেলার ৭ ইউনিয়নে ৩৪৩ জন নারী আর্থিক সুবিধা পাচ্ছেন। এই দপ্তর থেকে কর্মসূচির সুবিধাভোগীদের নিয়ে তাঁদের নিজেদের ও শিশুযত্ন-বিষয়ক পাঁচ দিনের এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশ নেওয়া মায়েরা জনপ্রতি দৈনিক ৫০ টাকা হারে পাঁচ দিনে ২৫০ টাকা করে পাবেন। প্রশিক্ষকেরা দৈনিক জনপ্রতি পাবেন ২০০ টাকা। ১০ জুনের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০ মের মধ্যে ভৈরবের সাত ইউনিয়নের মধ্যে ছয়টিরই কার্যক্রম শেষ হয়েছে। প্রত্যেক ইউনিয়নে স্থানীয়ভাবে এই কর্মশালা করার কথা থাকলেও সাদেকপুর ইউনিয়নের সুবিধাভোগীদের গত বৃহস্পতিবার উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনা হয়। সেখানে মহিলা-বিষয়ক কর্মকর্তা অংশগ্রহণকারীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক কিছু কথা বলে প্রত্যেককে পাঁচটি করে সই দিয়ে ২৫০ টাকা করে তুলে নিয়ে যেতে বলেন।
পরে ইউনিয়নের মানিকদী পুরানগাও গ্রামের পারভীন বেগম (২৫) নামের এক অংশগ্রহণকারীর কাছে প্রশিক্ষণ থেকে কী শিখলেন জানতে চাওয়া হলে বলেন, ‘কী শিখতাম? কইছে সাইন দেও, টেহা লও। সাইন দিছি, টেহা নিছি।’
ওই দিন সুবিধাভোগীদের সঙ্গে এসেছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য স্বপ্না বেগম ও আজিদা বেগমও। প্রশিক্ষণটি যে পাঁচ দিনের সে তথ্যই তাঁরা জানতেন না। জানার পর স্বপ্না বেগম বলেন, ‘এইডা তো কইছে না! কামডা করল কী?’
এ প্রশিক্ষণকে তামাশার সঙ্গে তুলনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। প্রশিক্ষণ কর্মশালাটি যথাযথভাবে করা হলে দরিদ্র মায়েরা খুবই উপকৃত হতেন বলে তিনি মত দেন।
উপজেলার কালিকাপ্রসাদ, গজারিয়া ও শিবপুর ইউনিয়নে ৩ মে একই দিন ও স্থানে শেষ করা হয়েছে কর্মশালা। প্রশিক্ষণ এবং টাকা উত্তোলন সব মিলিয়ে সময় ব্যয় হয়েছে সর্বোচ্চ আড়াই ঘণ্টা। শিমুলকান্দি ইউনিয়নের সুবিধাভোগীদের ইউনিয়ন পরিষদে ডেকে আনা হয় ১৩ মে সকালে। প্রশিক্ষণ শেষ হয় ২০ মিনিটের মধ্যে। একই দিন একই কায়দায় প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় আগানগর ইউনিয়নে।
কর্মশালার এই দশা সম্পর্কে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা অবশ্য পাল্টা যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘অংশগ্রহণকারীদের অধিকাংশেরই কোলে শিশু ছিল। শিশুরা কান্নাকাটি করছিল। সব মিলিয়ে প্রশিক্ষণের পরিবেশ ছিল না।’ মূলত মায়েদের কষ্ট কমাতেই কর্মশালা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান তিনি।
তবে কিশোরগঞ্জ জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন বলেন, কোনো যুক্তিতেই নির্দেশনার বাইরে গিয়ে কর্মশালা সংক্ষিপ্ত করার সুযোগ নেই। বিষয়টি তিনি দেখবেন।