'কামারুজ্জামানের নিয়ন্ত্রণ ছিল আলবদর ক্যাম্পে'
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের মামলায় যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, একাত্তরে শেরপুর শহরে সুরেন্দ্র কুমার সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পের ওপর কামারুজ্জামানের নিয়ন্ত্রণ ছিল।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল ১৫তম দিনের মতো এই আপিলের মামলার কার্যক্রম চলে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
যুক্তি উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধের সময় আলবদর নেতা হিসেবে কামারুজ্জামানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন কামারুজ্জামান। শেরপুর শহরে সুরেন্দ্র সাহার বাড়িতে গড়ে ওঠে আলবদর ক্যাম্প, আর ঝিনাইগাতী থানার আহম্মেদনগরে পাকিস্তানি সেনাদের ক্যাম্প গড়ে ওঠে। এই ক্যাম্পগুলোতে কামারুজ্জামানের নিয়মিত যোগাযোগ ছিল এবং নিয়ন্ত্রণ ছিল।
রাষ্ট্রপক্ষ গতকাল তৃতীয় দিনের মতো যুক্তি দেয়। যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজ বুধবার পর্যন্ত এই মামলা মুলতবি করা হয়। এ সময় আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেলকে দ্রুত যুক্তি উপস্থাপন শেষ করতে বলেন। পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির আগে কাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবস। এই সময়ের মধ্যে এই আপিলের কার্যক্রম শেষ করার জন্য তাগাদা দেন আপিল বিভাগ।