‘কামারুজ্জামানের পরামর্শে সোহাগপুরে হত্যা ও ধর্ষণ হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে একাত্তরের ২৫ জুলাই সকালে আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের নিয়ে সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যা ও নারীদের ধর্ষণ করে। সেখানে নাম জানা ৪৪ জন ও আরও ১২০ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই হত্যাযজ্ঞের পর থেকে গ্রামটি ‘বিধবাপল্লি’ নামে পরিচিত।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের যে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে, সেগুলোর মধ্যে এটি তৃতীয় অভিযোগ। সোহাগপুর গ্রামের ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ)(এইচ) ধারায় অভিযোগ গঠন করে বলা হয়েছে, তাঁর পরামর্শে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে। সোহাগপুর গ্রাম শেরপুর জেলায়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই অভিযোগ গঠন করেন। কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগই গঠন করা হয় ট্রাইব্যুনালস আইনের ৩(২)(এ)(এইচ) ধারায়। একই সঙ্গে প্রতিটি অপরাধের জন্য তিনি ৪(১) ধারায় দায়ী বলে উল্লেখ করা হয়।প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের ২৯ জুন বেলা ১১টার দিকে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদরের একটি দল শেরপুরের ঝিনাইগাতি থানার রামনগর গ্রামের আহম্মেদ মেম্বারের বাড়ি থেকে মো. ফজলুল হকের ছেলে বদিউজ্জামানকে অপহরণ করে আহম্মেদনগর সেনাক্যাম্পে নিয়ে যায়। সেখানে বদিউজ্জামানকে সারা রাত নির্যাতন করা হয়। পরদিন তাঁকে হত্যা করে লাশ পানিতে ছুড়ে ফেলা হয়।পঞ্চম অভিযোগে, একাত্তরে রমজান মাসের মাঝামাঝি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামারুজ্জামান ও তাঁর চার-পাঁচজন সহযোগী শেরপুর সদরের চকবাজার থেকে মো. লিয়াকত আলী ও মুজিবুর রহমানকে ধরে রঘুনাথপুর বাজারের বাঁথিয়া ভবনের রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। সেখানে নির্যাতনের পর তাঁদের থানায় পাঠানো হয়। থানায় চার দিন আটক রাখার পর কামারুজ্জামানের নির্দেশে তাঁদের এবং আরও ১১ জনকে ঝিনাইগাতি আহম্মদনগর সেনাক্যাম্পে পাঠানো হয়। তাঁদের আহম্মদনগর ইউপি কার্যালয়ের পেছনে গর্তের কাছে সারি করে দাঁড় করানো হয়। সারি থেকে তিনজনকে সরিয়ে বাকিদের গুলি করে হত্যা করা হয়। এ সময় কামারুজ্জামান ও তাঁর সহযোগী কামরান সেখানে উপস্থিত ছিলেন।