'কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে বিলম্বের দায় সরকারকেই নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে বিলম্বের দায় সরকারকেই নিতে হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচিতে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত চলে। বিকেল পাঁচটার দিকে মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শাহবাগে আসেন। পরে রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন ইমরান এইচ সরকার।

এ সময় গণজাগরণের মুখপাত্র বলেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী রিভিউ খারিজ হওয়ার পর রায় কার্যকরের দায়িত্ব সরকারের। যুদ্ধাপরাধ আইন অনুযায়ী যেহেতু জেলকোডের বিধান কামারুজ্জামানের জন্য প্রযোজ্য নয়, সেহেতু তা তাঁর পাওয়ারও অধিকার নেই। আইনজীবীদের দেখা করার কাজও শেষ হয়েছে। এখন রায় কার্যকরে বিলম্ব হলে তার দায়দায়িত্বও সরকারকেই নিতে হবে। তিনি আরও বলেন, রায় কার্যকর নিয়ে কালক্ষেপণের কারণে বিদেশি বিভিন্ন সংস্থা নানা রকম বিবৃতি দেওয়ার সুযোগ পাচ্ছে।