সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ েমা. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৭তম সাক্ষী রেনু মিয়া৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে হবিগঞ্জের সোনাই নদীর পাড়ে তাঁর বাবাসহ চারজন মুক্তিযোদ্ধাকে কায়সারের ইশারায় গুলি করে হত্যা করা হয়৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের আরও একজন সাক্ষী জবানবন্দি দেন৷ তবে রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী মো. নুরুল ইসলাম জব্দ তালিকার ওপর জবানবন্দি দেন৷
জবানবন্দিতে ২৭তম সাক্ষী রেনু মিয়া (৫৮) বলেন, তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের শহীদ সিরাজ মিয়ার ছেলে৷ তিনি বর্তমানে রিকশাচালক৷ মুক্তিযুদ্ধকালে ১১ আশ্বিন তাঁর বাবা ও বাবার তিন বন্ধু আক্কাস আলী, ওয়াহেদ আলী ও ছাত্তার মিয়া তঁাদের বাড়িতে রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়েন৷ ফজরের আজানের আগে তিনি বাড়ির বাইরে অনেক লোকের চিৎকার শোনেন৷ এ সময় খয়েরি রঙের পোশাক পরা ২০-২৫ জন লোক তঁাদের ঘরে ঢোকেন৷ এঁদের মধ্যে একই গ্রামের আলাউদ্দিন ও রওশনকে তিনি চিনতে পারেন৷ তাঁর বাবাসহ আটক চারজনকে মারতে মারতে জগদীশপুর হাইস্কুলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়৷ তখন তিনি, তাঁর মা ও শহীদ আক্কাস আলীর মেয়ে মাজেদা (২৭তম সাক্ষী) পেছন পেছন জগদীশপুর ক্যাম্প পর্যন্ত যান৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ক্যাম্পে গিয়ে তাঁরা দেখেন, খয়েরি রঙের পোশাক পরা লোক ছাড়াও সাদাপোশাকধারী এক ব্যক্তি আটককৃতদের ওপর নির্যাতন করছেন৷ সাদাপোশাকের লোকটির পরিচয় জানার চেষ্টা করলে জানতে পারেন, তিনি সৈয়দ কায়সার৷ জগদীশপুরের লোকেরা আরও জানান, কায়সারের কাছে গেলে কাজ হবে৷ তাঁরা (সাক্ষী ও অন্যরা) কায়সারের কাছে গিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন৷ কায়সার কথা না শুনে খাকি পোশাকধারী একজনকে ইশারা দিতেই তাঁদের মারতে মারতে সরিয়ে দেওয়া হয়৷ আধা ঘণ্টা পর বাবাসহ আটক ব্যক্তিদের সোনাই নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়৷ তাঁরাও পিছু নেন৷ চারজনকে নদীর পুলের ওপর দাঁড় কিরয়ে কায়সার হাতের ইশারা দিলে খয়েরি পোশাকধারী একজন তাঁদের গুলি করে হত্যা করে৷ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খয়েরি পোশাকধারী কয়েকজন লাথি দিয়ে চারজনের লাশ নদীতে ফেলে দেয়৷
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় কায়সারকে শনাক্ত করেন সাক্ষী রেনু মিয়া৷ পরে তঁাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার৷ এরপর কায়সারের বিরুদ্ধে জব্দ তালিকার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়কের ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম৷ তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল৷
লতিফকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাগেরহাটের আবদুল লতিফ তালুকদারকে (৭৫) এক দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়৷ ১১ জুন ভোররাতে লতিফকে গ্রেপ্তার করা হয়৷