'কার কাছে পদত্যাগ করব সেই বীরপুরুষটা কে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পদত্যাগের গুঞ্জনকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল সোমবার এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে এরশাদ হেসে উঠে এ প্রতিবেদককে বলেন, ‘আমি কার কাছে পদত্যাগ করব? সেই বীরপুরুষটা কে?’
এর আগে গত রোববার সকালে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথ সভায় রওশন এরশাদসহ কয়েকজন নেতা এরশাদকে উদ্দেশ করে আক্রমণাত্মক বক্তব্য দেন।
এরশাদের ঘনিষ্ঠ দলীয় একটি সূত্র জানায়, এরশাদকে চাপে ফেলতে দলের ভেতর থেকে একটা অংশ সপ্তাহ খানেক ধরে প্রচারণা চালাচ্ছিল যে জাপায় একজন ভারপ্রাপ্ত বা নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। এরপর যৌথ সভার খবরটি গতকাল বিভিন্ন সংবাদপত্রে এরশাদের জন্য খুবই নেতিবাচকভাবে এসেছে। এতে মনঃক্ষুণ্ন এরশাদ গতকাল একটি চিরকুটে রওশনকে বলেন, পত্রিকাগুলো কী লিখেছে, তা পড়ে দেখতে। একজন চেয়ারম্যান খুঁজতে পারো বলে চিরকুটে এরশাদ নিজের ক্ষোভ প্রকাশ করেন। এ চিরকুটকে কেন্দ্র করে এরশাদের পদত্যাগের গুজব সৃষ্টি হয়েছে বলে ওই সূত্রটি দাবি করে।