‘কারও কথায় নয়, পার্বত্য ভূমি কমিশন চলবে আইন অনুযায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, আইন অনুযায়ী কমিশনের কার্যক্রম চলবে, ব্যক্তিবিশেষের কথায় নয়। বিচারে কমিশন দুই পক্ষের যুক্তি বিবেচনা এবং পার্বত্য চুক্তি ও কমিশনের আইনের আলোকে রায় দেবে। গতকাল বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারিত ১২টি মামলার তারিখ ১১ জুন ধার্যের পর খাগড়াছড়ি শহরের ভূমি কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। গত বুধবারের নির্ধারিত ৩৩টি মামলার তারিখ ১০ জুন ধার্য করেছিলেন। বিচারপতি খাদেমুল ইসলাম কমিশনের সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামসুল আলম চৌধুরীকে নিয়ে এজলাসে আসেন। মাত্র ১০ মিনিট স্থায়ী এজলাসে তিনি আবেদনকারীদের পরবর্তী শুনানিতে নিজস্ব আইনজীবী ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, কমিশন যেকোনো মুহূর্তে বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত রায় দিতে পারে। এরপর সরকারপক্ষের আইনজীবীর আবেদন বিবেচনায় এনে আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করা হয়।এদিকে গণতান্ত্রিক যুব ফোরাম গতকাল এক বিজ্ঞপ্তিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সংগঠনটি ভূমি কমিশন চেয়ারম্যানের ‘একতরফা’ শুনানি বাতিল ও কমিশন আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে তিন পার্বত্য জেলায় দুই দিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে। রাঙামাটি ও খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের অবরোধ গতকাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। তবে শহর এলাকাসহ উপজেলা সদরগুলোতে মোটরসাইকেল ও রিকশা চলাচল করেছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বান্দরবান জেলায় অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবেশ চক্রবর্তী জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে পিকআপ ভ্যানে আগুন লাগানোর মামলায় উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে কুনেন্দু চাকমা নামের এক ব্যক্তিকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।কমিশন সূত্রে জানা যায়, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২০ জুলাই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পান। তাঁর মেয়াদ তিন বছর। সেই হিসাবে খাদেমুল ইসলাম চৌধুরীর দায়িত্বের মেয়াদ শেষ হবে আগামী ২০ জুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী ২০১০ সালের ডিসেম্বর থেকে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কয়েক দফা শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিন সার্কেল প্রধান বা রাজা এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত না থাকায় বারবার কোরামসংকট দেখা দেয়। ফলে শুনানি পিছিয়ে দেওয়া হয়।