'কারও কাছে তো আর হাত পাতি না'

কাঠফাটা রোদ। ছিপছিপে শরীর বেয়ে টপ টপ করে ঝরছে ঘাম। তবুও এক হাতে ঢাকার রাজপথে রিকশা চালাচ্ছেন নজরুল ইসলাম।
শেরপুরে গ্রামের বাড়িতে ১৬ বছর আগে কৈশোরে এক দুর্ঘটনায় ডান হাত হারিয়েছিলেন বছর ত্রিশের এই যুবক। তার পরও নিজেকে হারতে দেননি নজরুল। রাজধানীতে এসে তিন বছর ধরে তিনি রিকশা চালিয়ে করছেন জীবনসংগ্রাম।
বাম হাতে রিকশা চালাতে কষ্ট হয়? এ প্রশ্নের উত্তরে নজরুলের মুখ হাসিতে ভরে যায়। দুপুরে কাঠফাটা রোদে বিজয় সরণির চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে রিকশার গতি খানিকটা কমিয়ে দেন তিনি। ঘামে ভেজা শরীর নিয়ে নজরুল বলেন, ‘ভাই, কারও কাছে তো আর হাত পাতি না। এইড্যাতেই শান্তি।’
রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে নজরুল জানান, শেরপুরের নকলায় কায়েদা গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ঘুড়ি পাড়তে গিয়ে ডান হাত পুড়ে যায়। তখন পঞ্চম শ্রেণীতে পড়তেন। ওই দুর্ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন। কিন্তু ডান হাতটি রক্ষা পায়নি। কেটে ফেলতে হয়।
বছর তিনেক আগে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় নজরুলের। সংসারের বোঝা মাথায় নিয়ে ঢাকায় আসেন। ঠিক করেন রিকশা চালাবেন। সেই শুরু। এখনো চলছে নিত্যদিনের সংগ্রাম।
নজরুলের সংসারে মা-বাবা ছাড়াও আছেন স্ত্রী জেসমিন আক্তার ও দুই বছরের মেয়ে নূপুর।
নজরুল বলেন, ‘প্রথমে বাও হাত ব্যথা করত। এখন হয় না। এখন রিকশার ব্যালান্স ঠিকই রাখতাম পারি।’ বলছেন ঠিকই, তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে বেশিক্ষণ রিকশা চালাতে পারেন না নজরুল। খুব বেশি দূরে যান না। আধা বেলা রিকশা চালিয়ে প্রতিদিন গড়ে ২০০ টাকা হয়। মাসে ২০ দিনের মতো রিকশা চালিয়ে যা জমে, সেই টাকা নিয়ে চলে যান বাড়ি।
নজরুল বলেন, ‘অনেক সময় মাইনষ্যে ডাইক্কাও এক হাত দেইখ্যা রিকশায় ওঠে না। তয় ভালাই আছি। ইচ্ছা মাইয়াডারে (মেয়ে নূপুর) পড়ালেখা করাইতাম। কষ্ট একটাই—মাইয়া যখন বাবা বইল্যা ডাকে, তখন ওরে কোলে নিতে পারি না।’