'কারখানায় থাকার কথা, রাস্তায় দাঁড়িয়ে আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করলেন পোশাক ও বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে অস্থিরতা বন্ধে যত দ্রুত সম্ভব সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় শিল্পের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে রাস্তায় নামার কথা বলেন ব্যবসায়ীরা।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএ ভবনের সামনের সড়কে গতকাল শনিবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তিনটি ব্যবসায়ী সংগঠন। এগুলো হচ্ছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

মানববন্ধন গতকাল বেলা সোয়া ১১টার দিকে শুরু হয়। স্বাগত বক্তব্যে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বর্তমান অস্থিরতায় পোশাকশিল্পের সার্বিক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা পুড়ছি রাজনীতির আগুনে। কেন আমাদের এই আগুনে পুড়তে হচ্ছে? আমাদের অপরাধ কী?’ তিনি বলেন, ‘আমরা মরতে চাই না, বাঁচতে চাই।’

সব রাজনৈতিক দলকে উদ্দেশ করে আতিকুল ইসলাম দাবি করেন, ‘আপনারা রাজনীতি করেন আর আমরা ব্যবসা করি। অর্থনীতিকে সচল রাখতে কাজ করি। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে আমাদের শিল্পকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে সবচেয়ে বেশি সংকটে এই শিল্প। আমরা নিরাপদে পণ্য পাঠাতে পারছি না। বন্দরে কনটেইনারভর্তি মাল পড়ে আছে। সমগ্র সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ক্রেতাদের আস্থা হারাতে বসেছি। আমরা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

ক্ষতির হিসাব দিয়ে বিজিএমইএর সভাপতি জানান, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় এক লাখ ৩২ হাজার টন পণ্য এয়ারফ্রেইট (উড়োজাহাজে পাঠানো) করতে হয়েছে। এ কারণে প্রায় চার হাজার কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ঢাকা চেম্বার, দোকান মালিক সমিতি, জার্মান চেম্বার, ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, লং ভেহিক্যালস ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ‘আমরা অসুস্থ রাজনীতি চাই না। চাই না এভাবে দেশ ধ্বংস হয়ে যাক।’

বিজিএমইএর আরেক সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘আজকে আমাদের কারখানায় থাকার কথা ছিল। কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। পোশাকশিল্পের চার হাজার কারখানা প্রতি মুহূর্তে জ্বলছে।’

এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, সহিংস রাজনীতি পরিহার করার দাবিতে ব্যবসায়ীদের নিয়ে ১৫ ডিসেম্বর সাদা পতাকা মিছিল করবেন এফবিসিসিআইয়ের নেতারা।

সমাপনী বক্তব্যে বিজিএমইএর সভাপতি বলেন, ‘চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে আমরা শ্রমিকদের বেতন দিতে পারব না। ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারব না।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, মোস্তফা গোলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির পাশাপাশি সাদা কাপড়ে রাজনৈতিক সহিংসতা বন্ধে নিজেদের বক্তব্য লেখেন ব্যবসায়ীরা। এ প্লাস গ্রুপের মহিউদ্দিন এ বি নাঈম লেখেন, ‘প্রথমত ক্ষমতা আঁকড়েও থাকতে চাই না; দ্বিতীয়ত ক্ষমতায় যেতেও চাই না; শিল্পায়ন করতে চাই।’ ইমরান নামের এক ব্যবসায়ী লেখেন, ‘অবরোধের নামে মানুষ পোড়ানো বন্ধ করো।’ আরেক ব্যবসায়ী রায়হান লেখেন, ‘শিল্প বাঁচাতে হলে সড়ক-মহাসড়কে নিরাপদে পণ্য পরিবহন নিশ্চিত করতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী (নামের জায়গায় লিখেছেন বিজিএমইএ) সাদা কাপড়ে লেখেন, ‘যে রাজনীতি দেশকে পেছনের দিকে নেয়, আমরা সেই রাজনীতি চাই না।’