‘কারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখলে বিপর্যয় নামবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জিয়া পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি বলেন, ‘প্রতিদিন লোডশেডিং হচ্ছে। কলকারখানায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আমরা মনে করি।’গতকাল থেকে আগামী দুই মাস সিএনজি স্টেশনগুলো দিনে ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তেরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে দলীয় লোকজনকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করেছে। জনগণের পকেট থেকে প্রতিবছর ২০ হাজার কোটি ভর্তুকির টাকা তারা লুট করছে। অথচ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করে তিন বছরেও বিদ্যুৎ সমস্যার সমাধান সরকার করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা।’বেতন-ভাতা নিতে বিরোধী দল সংসদে যায়নি: বিরোধী দল বেতন-ভাতা নিতে সংসদে গেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাঁর স্বভাবজাত চপলতা ছাড়া আর কিছুই নয়।’ তিনি দাবি করেন, ‘বিএনপি বেতন-ভাতা নয়, জনগণের কথা বলার জন্য রোববার সংসদে যোগ দিয়েছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রভৃতি দাবি তুলে ধরতেই বিরোধী দল সংসদে গেছে।’