‘কারেন্ট খালি যায়-আয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ই কিতা অবস্থা! দিন নাই, রাইত নাই, আট থিকা ১০ বার কারেন্ট খালি যায়-আয়। ই দেখি মহাজ্বালা।’ চার দিন ধরে সিলেট নগরের অসহনীয় লোডশেডিং পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম।আমিনুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ জিন্দাবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক লোডশেডিং হয়েছে। কয়েক দিন ধরেই এ অবস্থা চলছে। এতে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।নগরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ড এবং শহরতলির প্রতিটি পাড়া-মহল্লায় চার দিন ধরে লোডশেডিং বেড়ে গেছে। তবে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, সুবিদবাজার, পাঠানটোলা, টিলাগড়, লামাপাড়া এবং শহরতলির মেজরটিলা, শাহপরান গেট, নোয়াগাঁও, বহর দাসপাড়া, শেখপাড়াসহ অর্ধশতাধিক এলাকায় লোডশেডিং পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। প্রতিটি এলাকায় ১০-১২ বার লোডশেডিং হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময় নগরবাসীকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। বালুচর এলাকার বাসিন্দা অহী রেজা আলম বলেন, ব্যাপক লোডশেডিংয়ে গ্রাহকেরা বিক্ষুব্ধ। অনেক পাড়া-মহল্লায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ হচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ তাদের ইচ্ছানুযায়ী লোডশেডিং করছে।বিলপাড় এলাকার কলেজছাত্র আবুল কালাম বলেন, ‘সামনে পরীক্ষা। তাই পড়াশোনার চাপ বেশি। কিন্তু লোডশেডিংয়ের কারণে পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না। না পারছি পড়তে, না পারছি শান্তিতে ঘুমাতে।’সিলেট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, চার দিন ধরে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হচ্ছে। এ কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন নষ্ট হচ্ছে।