'কার্যকর' সংলাপের আহ্বান ফখরুলের

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৮-দলীয় জোটের হরতাল শেষে সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করা না হলে বুঝতে হবে সরকার সংলাপ চায় না।
অবিলম্বে বিরোধী দলের মিছিলে গুলি, হামলা ও গ্রেপ্তার বন্ধ করে কার্যকর সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের পরিস্থিতি তুলে ধরা হয়।
এর আগে সকালে এক ব্রিফিংয়ে সংলাপের জন্য বিএনপির তরফ থেকে যোগাযোগ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কে যোগাযোগ করবে, সেটি মুখ্য নয়। মুখ্য বিষয় হলো সংলাপ-সমঝোতা হবে কি না। আমরা মুখ্য বিষয়ে থাকতে চাই। তবে এ দায়িত্ব সরকারের, সরকার যেহেতু চালকের আসনে। এই উদ্যোগ তাদের নিতে হবে।’
আরেক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘আমরা বরাবরই সংলাপ নিয়ে আশাবাদী। আমরা শুধু আশাবাদী নই; আমরা বিশ্বাস করি, যে সংকট সৃষ্টি হয়েছে আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়াটাই শ্রেষ্ঠ।’
সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, দ্বিতীয় দিনের হরতালেও শান্তিপূর্ণ মিছিলে পুলিশ, র্যাবের সঙ্গে ‘সরকারদলীয় সন্ত্রাসীরা’ হামলা করেছে, কোথাও তারা সরাসরি গুলি করেছে।
ফখরুল আবারও অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলনের কর্মসূচিকে জনমনে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার নিজেদের লোক দিয়ে গণমাধ্যমের কার্যালয়, যানবাহন ও বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে বোমাবাজির চক্রান্ত করছে।
সারা দেশে হরতালের দ্বিতীয় দিনে পুলিশের গুলিতে ১৮ দলের তিনজন নিহত হয়েছে। একই সঙ্গে সাত শতাধিক গ্রেপ্তার, হামলায় দুই হাজার ৫০০ জন আহত, ১৭ হাজারের বিরুদ্ধে মামলা ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিয়েছে বলেও জানান ফখরুল।
নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীর উদ্যোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার একদলীয় নির্বাচনের নীলনকশা করছে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তাদের সাহায্য করছে। এই আরপিও গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমকে প্রধান করে বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার প্রস্তাব প্রসঙ্গে ফখরুল বলেন, নাজমুল হুদা তাঁদের দলের কেউ নন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে এখন কথা বলার কিছু নেই।
গণভবন থেকে বিরোধীদলীয় নেতার খাবারের মেন্যু চাওয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ফখরুল বলেন, এটি কোনো সামাজিক অনুষ্ঠান নয়। জাতীয় দুর্যোগময় মুহূর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়। জনগণের নজর ভিন্ন খাতে নিতে এসব করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির মহানগর শাখার সদস্যসচিব এম এ সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।