মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মাসে সেগুনবাগিচায় জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনের স্বাধীনতা উৎসব। সপ্তাহজুড়ে চলবে আলোচনা, সংগীত, নৃত্য, নাটক ও আলোকচিত্র প্রদর্শনী। তুলে ধরা হবে বাঙালির স্বাধীনতাসংগ্রামের নানা দিক। এ ছাড়া ২৪ থেকে ২৬ মার্চ মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠেও থাকবে নানা আয়োজন।
উৎসবের প্রথম দিনে গতকাল নতুন প্রজন্মের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার প্রেক্ষাপটসহ প্রতিষ্ঠাবার্ষিকীর ভাষণ, মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গণসংগীত ও দেশাত্মবোধক কবিতার পঙ্ক্তিমালা উচ্চারণ, নৃত্য ও পথনাটকে অংশ নেন।
উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলীর বক্তব্যের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার প্রেক্ষাপটসহ এটির নতুন ভবন নির্মাণে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ হচ্ছে জনযুদ্ধ। গুটি কতক লোক বাদে দেশের আপামর জনগণ এ যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশ নিয়েছে। তা না হলে কেবল মুক্তিযোদ্ধা কিংবা যৌথ বাহিনীর পক্ষে এই দেশ স্বাধীন করা সম্ভব হতো না। একইভাবে জনগণের মালিকানায়, জনগণের অংশীদারত্বে আজ স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।’
সারওয়ার আলী আরও বলেন, ‘এখন আমাদের কাছে ১৮ হাজার মুক্তিযুদ্ধের স্মারক ও দলিল রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে সারা দেশের ১০ লাখ ছাত্রছাত্রী সঠিক বিবরণসহ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের গণহত্যার ইতিহাস বিশ্বের কাছে উঠে এসেছে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলীর বার্ষিক প্রতিবেদন পাঠের পর ‘কালান্তরের ঘূর্ণিপাকে’ শীর্ষক স্মারক বক্তব্য দেন লেখক-সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, ‘কালে কালে ধর্ম নানা গোঁড়ামি ও সংকীর্ণতার ফাঁদে অধর্ম হয়ে উঠছে, বিজ্ঞান-প্রযুক্তির চমকপ্রদ সাফল্যের নিচে চাপা পড়ে মানুষ ভোগ ও বস্তুগত জয়ে ব্যবহৃত হচ্ছে, শিল্পকলা বিচ্ছিন্নতার কবলে পড়ছে। নতুন দর্শন চাই, অন্তত নতুন দার্শনিক ব্যাখ্যা। কালান্তরের নতুন বাঙালি তৈরি হবে নতুন প্রজন্ম থেকে।’ এ ছাড়া জাদুঘর মিলনায়তনে বইমেলার উদ্বোধন করেন তিনি।
এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই নৃত্যদল স্পন্দন ‘জয় সত্যের জয়’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ ও ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ গানের সুরে নৃত্য পরিবেশন করে। এরপর ‘উজ্জ্বল আকাশ’-এর গ্রন্থনা ও নির্দেশনায় ঢাকা স্বরকল্পন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘এখনো একাত্তর’। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একটি গল্প শোনাব আজ’ গানের সুরে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু করে বিভিন্ন পরিবেশনা। বহ্নিশিখার শিল্পীরা এরপর গেয়ে শোনান ‘জন্মভূমি ধুলো গায়ে মেখে’, ‘সোনা সোনা লোকে বলে সোনা’ ও ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি’ গানগুলো। সবশেষে পথনাটক নাড়াই পরিবেশন করে ভিশন থিয়েটার।