‘কালাপাথরের মাঠ’ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘কালাপাথরের মাঠ’ রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে ক্রীড়ামোদী এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক খান মো. বিল্লালের কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, পাউবোর অধিগ্রহণ করা মাঠটি একটি চক্র ব্যক্তিমালিকানায় নেওয়ার তৎপরতা চালিয়েছে। এটি দীর্ঘদিন ধরে নগরের ছয়টি ওয়ার্ডের ক্রীড়ামোদীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। প্রতিবছর এই মাঠে স্থানীয় সুরমা বয়েজ ক্লাব, মরহুম আমিনুর রশীদ স্মৃতি ক্রিকেট ও প্রয়াত সাংবাদিক টিপু মজুমদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যক্তিমালিকানায় চলে গেলে মাঠের অস্তিত্ব আর থাকবে না—এ আশঙ্কা ব্যক্ত করে রক্ষা করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়।স্মারকলিপি প্রদানকালে সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, ফুটবলার ইয়ামিন আহমদ চৌধুরী, লায়েক আহমদ, গোলাম জাকারিয়া চৌধুরী, ক্রীড়ানুরাগী উত্তম বাহাদুর, আরিফ আহমদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রায় ১০০ কোটি টাকা মূল্যমানের ৬০৬ শতক ভূমির এই মাঠটি পাউবো ১৯৬৩ সালে অধিগ্রহণ করে। সম্প্রতি উচ্চ আদালতের আদেশে মাঠের মালিকানা স্থানীয় একদল লোক দাবি করলে পাউবো বিপাকে পড়ে। এ নিয়ে প্রথম আলোয় ৬ অক্টোবর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ক্রীড়ামোদীরা মাঠ রক্ষার দাবিতে সক্রিয় হন।