‘কালাপাথরের মাঠ’ রক্ষায় পাউবোর আপিল, স্থিতাবস্থা জারি
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘কালাপাথরের মাঠ’ রক্ষায় উচ্চ আদালতে আপিল করার পরিপ্রেক্ষিতে স্থিতাবস্থা জারি হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন। পাউবোর আইনবিষয়ক উপপরিচালক একটি পত্রের মাধ্যমে সিলেটে পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরকে এ বিষয়ে জানিয়েছেন। পাউবোর আইনবিষয়ক দপ্তর থেকে সিলেটে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, কালাপাথরের মাঠ নিয়ে হাইকোর্টে রিট মামলার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত আগামী বছরের ১৫ জানুয়ারি মামলার শুনানির তারিখ ধার্য করেন। ওই তারিখ পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়। যোগাযোগ করা হলে পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘পাউবোর প্রধান কার্যালয়ের আইনবিষয়ক দপ্তর থেকে ১৮ অক্টোবর জরুরি পত্রের মাধ্যমে স্থিতাবস্থা জারির বিষয়টি জানতে পারি। উচ্চ আদালতের এ নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে।’প্রায় ১০০ কোটি টাকা মূল্যমানের ৬০৬ শতক ভূমির এই মাঠ পাউবো ১৯৬৩ সালে অধিগ্রহণ করে। সম্প্রতি উচ্চ আদালতের আদেশে মাঠের মালিকানা স্থানীয় একদল লোক দাবি করলে পাউবো বিপাকে পড়ে। এ নিয়ে প্রথম আলোয় ৬ অক্টোবর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর পাউবো ও ক্রীড়ামোদীরা মাঠ রক্ষার দাবিতে সক্রিয় হন। এদিকে উচ্চ আদালতের স্থিতাবস্থা জারির পরও কালাপাথরের মাঠের মালিক দাবিদার পক্ষের লোকজন খেলাধুলাসহ মাঠে প্রবেশাধিকারে বাধা দিচ্ছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সিলেট স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতী খেলোয়াড় আনোয়ার হোসেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।