‘কালুরঘাটে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা মেলা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। জিয়া একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ একটি মহল জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে। জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেললে মুক্তিযুদ্ধ অবৈধ হয়ে যাবে।জিয়ার স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে এক সমাবেশে এম মোরশেদ খান গতকাল মঙ্গলবার এ কথা বলেন। একাত্তরের ২৭ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র এই বেতার কেন্দ্র থেকে পাঠ করেন।গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় বিএনপি সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম প্রমুখ বক্তৃতা করেন।সমাবেশে মোরশেদ খান আরও বলেন, ‘এই সেই স্থান, যেখান থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই কালুরঘাটে আগামী বছর থেকে স্বাধীনতার মেলা হবে।’ সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর ওই সময় আওয়ামী লীগের নেতাদের কেউ ভারতে, আবার কেউ বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। তাঁদেরকে সেদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি।