'কালেকশন' ভালো, দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিপণিকেন্দ্রগুলোতে জমেছে ঈদের কেনাকাটা। প্রতিটি দোকানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ফুরসত মিলছে না বিক্রয়কর্মীদের। পছন্দসই পোশাক মিললেও এবার দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা।
ঈদের কেনাকাটা শুরু হওয়ায় উপজেলার বিপণিকেন্দ্রগুলোর সামনে যানজট সৃষ্টি হচ্ছে। তবে এই ভোগান্তি সত্ত্বেও ক্রেতারা ছুটছেন ঈদবাজারে।
উপজেলার বিভিন্ন পোশাকের দোকান ঘুরে দেখা গেছে এবার জামদানি, সিল্ক, জর্জেট, তাঁত ও হাতের কাজ করা শাড়ি পছন্দ করছেন নারীরা। এসব শাড়ি ৫০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাখি, ঝিলিক, মন মানে না, আয়শা, বিপুল, গঙ্গা—এমন সব বাহারি নামের থ্রি-পিসের প্রতি ঝোঁক তরুণীদের। এসব পোশাক ৪০০ থেকে চার হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। তরুণেরা খোঁজ করছেন নানা ডিজাইনের জিনস ও পাঞ্জাবি। এবার পাঞ্জাবি ও জিনসের প্যান্টের দাম গত বছরের তুলনায় বেশি। পাঞ্জাবি ৪০০ থেকে দুই হাজার টাকা ও জিনস প্যান্ট সাত থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। শিশুদের ফ্রক, ফতুয়ার ডিজাইনেও এবার নতুনত্বের ছোঁয়া দেখা গেছে। পোশাকের পাশাপাশি জুতা, গয়না, প্রসাধনসামগ্রী ও ঘর সাজানোর জিনিসপত্রও কিনছেন ক্রেতারা।
ঈদ উপলক্ষে পৌর সদরের শপিং সেন্টার, নিউমার্কেট, নাহার প্লাজা, আফরোজা প্লাজা, বিগবাজার, উপজেলা সুপার মার্কেটসহ নানা বিপণিকেন্দ্র নতুন ডিজাইনের পেশাকের সমাহার দেখা গেছে। এসব বিপণিকেন্দ্রের বিক্রয়কর্মীরা জানান, রোজার প্রথম ১০ দিন দোকানে তেমন ক্রেতা ছিল না। ১০ রোজার পর থেকে কেনাকাটা বেড়েছে।
দোকানে দোকানে বাহারি পোশাক এলেও দাম বেশি। এমনটাই জানালেন ক্রেতারা। বাড়বকুণ্ড এলাকার ক্রেতা সুইটি আক্তার প্রথম আলোকে বলেন, ‘শাড়ি ছাড়া বাকি সব পোশাক কেনা হয়ে গেছে। এখন শুধু শাড়ি দেখছি। শাড়ি পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হচ্ছে, সেগুলোর দাম বেশি।’
অপর একজন ক্রেতা তাহমিনা বেগম বলেন, এবার পোশাকের ‘কালেকশন’ ভালো হলেও দাম বেশি হওয়ায় কেনা যাচ্ছে না। তবু কেনাকাটা তো শেষ করতেই হবে।
ক্রেতাদের কাছে পোশাকের দাম গতবারের চেয়ে বেশি মনে হলেও বিক্রেতারা বলছেন দাম বাড়েনি। বিগ বাজারের ব্যবস্থাপক নরুল হক জানান, এবার পোশাকের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। ফলে, সব আয়ের ক্রেতারা কেনাকাটা করছেন।
ঈদের কেনাকাটায় যাতে ব্যাঘাত না ঘটে এ জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, ক্রেতাদের নিরাপত্তায় বিভিন্ন মার্কেটের সামনে পুলিশ টহল দিচ্ছে। এ ছাড়া সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। তেমন কোনো অঘটন ঘটার সুযোগ নেই।