'কায়সার তাঁর বাহিনী নিয়ে শতাধিক মানুষ হত্যা করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আবদুল মতিন ওরফে জামাল (৬৪)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কায়সার তাঁর বাহিনী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২২টি গ্রামে হামলা চালিয়ে শতাধিক মানুষ হত্যা করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ আবদুল মতিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইবু৵নালে হাজির ছিলেন।
জবানবন্দিতে আবদুল মতিন বলেন, তাঁর বাড়ি নাসিরনগরের গুনিয়াউক গ্রামে। কায়সারকে তিনি আগে থেকে চিনতেন। একাত্তরের ১৫ এপ্রিলের আগে কায়সার তাঁর সমমনাদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন। কায়সার ছিলেন এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক। কায়সার পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য মাধবপুর ও নাসিরনগরে ৪০০-৫০০ অনুসারী নিয়ে কায়সার বাহিনী গঠন করেন। একাত্তরের ২৩ জুন সকালে কায়সার তাঁর বাহিনীর ৪০-৫০ জনকে নিয়ে হরিপুর গ্রামের গোলাম নূরের বাড়িতে যান। গোলাম নূরকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা গোলাম রসুল, ভাই রউফ, মা ও ভাবিকে নির্যাতন করেন এবং বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। তিনি (সাক্ষী) লুকিয়ে দেখেন, কায়সার তাঁর বাহিনী নিয়ে রউফকে চোখ-হাত বেঁধে নিয়ে যাচ্ছেন। পথে কায়সার ওই বাহিনী নিয়ে গুটমা গ্রামের বাদল কর্মকারের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা আওয়ামী লীগের নেতা সায়েদুল হকের (বর্তমানে মন্ত্রী) বাড়ির আটটি পরিবারের ৩২টি ঘরে আগুন ধরিয়ে দেন।
আবদুল মতিন বলেন, কায়সারের এসব কার্যক্রমের একপর্যায়ে তিনি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে একটি দল নিয়ে এলাকায় প্রবেশ করেন। একাত্তরের ১৪ নভেম্বর তাঁরা খবর পান, কায়সার সমমনাদের নিয়ে মঞ্জুর আলীর বাংলোতে একটি সভা করেন। ওই সভায় নাসিরনগরসহ বিভিন্ন এলাকায় অভিযানের পরিকল্পনা করা হয়। ১৫ নভেম্বর তাঁরা দেখেন, গুটমা গ্রাম থেকে উত্তর দিকের রাস্তায় কায়সার ৪০-৫০ জনকে নিয়ে এগোচ্ছেন। তাঁরা একটি শ্মশানে লুকিয়ে থাকার সময় বুরুঙ্গা গ্রাম থেকে গুলির শব্দ পান ও ধোঁয়া দেখেন। গুলি থামার পর তিনি সঙ্গীদের নিয়ে চিতনা, বুরুঙ্গা, গুটমা, নিশ্চিন্তপুর ও দাউড়া গ্রামে ধ্বংসযজ্ঞ দেখেন। ওই পাঁচ গ্রামে ৩১ জনকে হত্যা করা হয়। পরে তাঁরা লক্ষ্মীপুর গ্রামের রমিজ আলীর বাড়িতে মুক্তিযোদ্ধাদের কাছে শোনেন, কায়সার তাঁর বাহিনী নিয়ে নাসিরনগর থানার ২২টি গ্রামে হামলা চালিয়ে শতাধিক মানুষ হত্যা করেছেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইবু৵নালে থাকা কায়সারকে শনাক্ত করেন। পরে এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।