সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী শাহ হাসান আলী। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনীর সদস্যরা তাঁর বাবাকে ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের কাছে হস্তান্তর করে। তাঁর বাবা আর ফেরেননি।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাসান আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে শাহ হাসান আলী (৫৯) বলেন, তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর থানার মোকামবাড়ী বড়বহুলা গ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় সংগ্রাম পরিষদের লোকদের সঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ও আতঙ্কিত মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কাজ করতেন। অভিযুক্ত কায়সার ওই সময়ে ‘কায়সার বাহিনী’ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৩ জুন দুপুরে খাওয়ার পর তাঁর বাবা শাহ ফিরোজ আলী মায়ের সঙ্গে কথা বলছিলেন। তিনিও বাড়িতে ছিলেন। এ সময় সলেমান রাজাকার, আবুল ঠিকাদারসহ কয়েকজন তাঁর বাবাকে ডেকে বলেন, ‘বারেক মুক্তারের বাসায় কায়সার সাহেব আছে, সেখানে যেতে হবে।’ বাবা যেতে না চাইলে তাঁকে টেনেহিঁচড়ে রিকশায় উঠিয়ে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। তিনি থানার পাশে গিয়ে দেখেন, থানার ভেতর ও বারান্দায় কায়সার, বারেক মুক্তার, সলেমান রাজাকার, আবুল ঠিকাদারসহ কয়েকজন আছেন। তাঁর (সাক্ষী) তিন চাচা গিয়ে কায়সারকে অনুরোধ করলেও তাঁর বাবাকে ছাড়া হয়নি।
হাসান আলী বলেন, ১৪ জুন তাঁর বাবাকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিতে কায়সার, বারেক মুক্তার, আবুল ঠিকাদার ও দুজন খাকি পোশাকধারী লোক শায়েস্তাগঞ্জের দিকে যান। ওই দিনই তাঁর চাচা শাহ নূর আলী শায়েস্তাগঞ্জে বাবার খোঁজে যান। বিকেলে ফিরে তিনি জানান, শায়েস্তাগঞ্জ ডাকবাংলোর বারান্দায় পিলারের সঙ্গে তাঁর বাবাকে বেঁধে রাখা হয়েছে, চোখ ও হাতও বাঁধা ছিল। আরও কয়েকজনকে এভাবে বাঁধা দেখেন। ডাকবাংলোর বারান্দায় বারেক মুক্তার, কায়সারসহ কয়েকজন বসে ছিলেন। সেখান থেকে পাকিস্তানি সেনাদের চারটি জিপে করে তাঁর বাবা ও অন্য বন্দীদের শ্রীমঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়। স্থানীয় দোকানিরা বলাবলি করছিলেন, শ্রীমঙ্গলে যাদের নেওয়া হয়, তাদের কেউ বেঁচে থাকে না। তাঁর বাবাও আজ পর্যন্ত ফিরে আসেননি। কায়সারদের কাছে বারবার গিয়েও বাবাকে ফিরিয়ে আনা যায়নি।
রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, একাত্তরের ১৬ জুলাই সন্ধ্যার দিকে তাঁর ভাই মুক্তিযোদ্ধা শাহ হোসেন আলী বাড়ি আসেন। রাতে সলেমান রাজাকারের নেতৃত্বে কায়সার বাহিনীর সদস্যরা তাঁদের বাড়ি ঘেরাও করে ভাইকে ধরে থানায় নিয়ে যায়। পরদিন সকালে তাঁর ভাইকে শায়েস্তাগঞ্জ ডাকবাংলোয় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শাহজীবাজারে পাকিস্তানি সেনাদের নির্যাতনকেন্দ্রে ২০-২৫ দিন আটকে রেখে নির্যাতন করা হয়। পরে ভাইকে ছেড়ে দিলেও তাঁর চলাচলে কষ্ট হতো। দীর্ঘদিন চিকিৎসার পর তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে শাহ হাসান আলী আসামির কাঠগড়ায় থাকা কায়সারকে শনাক্ত করেন। এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।