
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. ওমর আলী (৬২)৷ জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা তাঁর এক আত্মীয়কে হত্যা করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল ওমর আলীর জবানবন্দি +নেন রাষ্ট্রপক্ষের কৌসুলি রানা দাশগুপ্ত৷ শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন৷
ওমর আলী জবানবন্দি দেওয়ার আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী মো. আবদুল মোতালেবের অসমাপ্ত জেরা সমাপ্ত করেন আসামিপক্ষের আইনজীবী৷ মোতালেব গত মঙ্গলবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন৷ জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ৷ জেরা অসমাপ্ত অবস্থায় গতকাল পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছিল৷
জবানবন্দিতে ওমর আলী বলেন, তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামে৷ একাত্তরের ১৪ বা ১৫ মে সকালে তাঁর খালুর ছোট ভাই হাজি নূর আলীর (সাক্ষী তাঁকে ‘বড় বাপ’ বলে ডাকতেন) সঙ্গে বাড়িতে বসে গোশত-রুটি খাচ্ছিলেন৷ এ সময় আবদুল খালেক নামের একজন দৌড়ে এসে তাঁদের জানান, পাকিস্তানি সেনারা পশ্চিম দিক দিয়ে গ্রামে ঢুকেছে৷ ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দেখেন, পাকিস্তানি সেনারা ও সৈয়দ কায়সার তাঁদের বাড়ির ভেতরে ঢুকেছে৷ কায়সার ও পাকিস্তানি সেনাদের দেখে তিনি ও খালেক ভয়ে ধানের ডোলার নিচে লুকিয়ে পড়েন৷ ডোলার নিচ থেকে তিনি দেখেন, কায়সারকে ‘বড় বাপ’ সালাম দেন৷ তখন কায়সারের ইশারায় পাকিস্তানি বালুচ সেনা বড় বাপকে গুলি করে হত্যা করে৷ ওই সময় তাঁর পক্ষাঘাতগ্রস্ত খালু আকরাম আলী চৌধুরী খালার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন৷ পাকিস্তানি সেনারা তাঁকেও গুলি করে, তিনি হাতে গুলিবিদ্ধ হন৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, সৈয়দ মো. কায়সারকে তিনি আগে থেকেই চিনতেন৷ সত্তরের নির্বাচনে কায়সার হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেন৷ তখন তিনি এলাকায় প্রচারণার জন্য আসতেন৷
জবানবন্দি শেষে ওমর আলীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান৷ জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়৷